পাটনা: বিহারে জমি দখলকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে চরম শোরগোল।
সরকারি রাস্তা জবরদখল করে পাঁচিল নির্মাণের গুরুতর অভিযোগ উঠল তরুণী বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুরের পরিবারের বিরুদ্ধে। দ্বারভাঙার পোখরাভিন্দা গ্রামে প্রশাসনিক আধিকারিকেরা সশরীরে উপস্থিত হয়ে জমি মাপজোক করেন।
প্রাথমিক তদন্তে সরকারি রাস্তা বেদখল করার সত্যতা মিলতেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। বুলডোজ়ার দিয়ে সেই বেআইনি পাঁচিল ভেঙে রাস্তা সম্পূর্ণ সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পটনার রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৈথিলী ঠাকুরের পরিবার কেবল সরকারি রাস্তাই নয়, বরং গ্রাম্য দেবতা তিওয়ারি বাবার জমিও জবরদখল করেছে। একই সঙ্গে একটি রাধাকৃষ্ণ মন্দির, সর্বজনীন শ্রাদ্ধস্থল এবং এলাকার প্রধান নিকাশি নালার জমিও বেআইনিভাবে গ্রাস করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই সমস্ত বেআইনি দখলের বিষয়ে এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং রাজ্য সরকারের ‘সহযোগ’ পোর্টালে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় গ্রামবাসীরা।
আরও পড়ুন : ধর্ষণের মামলা তুলতে চাপ, রাজি না হওয়ায় বিহারে নির্যাতিতাকে ছাদ থেকে ছুড়ে ফেলল দুষ্কৃতীরা
গ্রামবাসীদের সেই অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার ডেপুটি কালেক্টর অজয় কুমার এবং সার্কেল অফিসার অলোক কুমারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক দল পোখরাভিন্দা গ্রামে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতেই শুরু হয় সরকারি ও বিতর্কিত জমির মাপজোক। পরিমাপ শেষ হওয়ার পর ডেপুটি কালেক্টর জানান, প্রাথমিক তদন্তেই সরকারি রাস্তা জবরদখল করার বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।
সেই কারণেই বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে মন্দির, শ্রাদ্ধস্থল বা অন্যান্য জমি দখলের যে অভিযোগগুলি উঠেছে, সেগুলি আরও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ করতে অভিযোগকারীদের প্রয়োজনীয় নথি নিয়ে সার্কেল অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মৈথিলী ঠাকুরের বাবা রমেশ ঠাকুরের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিন ডেসিমেল জমি জবরদখল করার সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন গগনকুমার মিশ্র নামের এক স্থানীয় বাসিন্দা। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর। তাঁর দাবি, তাঁদের পরিবারের দখল করা জমির সমস্ত আইনি ও বৈধ নথি তাঁর কাছে রয়েছে। প্রশাসনের তরফ থেকে একপেশেভাবে এই পদক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
তবে এই ঘটনায় বসে নেই বিরোধীরা। বিহারে বিজেপি নেত্রীর পরিবারের বিরুদ্ধে এই জমি জবরদখলের অভিযোগ সামনে আসতেই তাকে হাতিয়ার করে শাসক শিবিরকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব।
তিনি অভিযোগ করেছেন যে, মৈথিলী ঠাকুর ও তাঁর পরিবার ক্ষমতার অপব্যবহার করে কয়েকশো কোটি টাকার সরকারি ও সর্বজনীন জমি দখল করে রেখেছেন। এই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের জবাবদিহি দাবি করেছেন তেজস্বী। সব মিলিয়ে, জনপ্রিয় লোকসংগীত শিল্পী তথা বিজেপি বিধায়ককে ঘিরে চলা এই জমি বিতর্ক এবং বুলডোজ়ার অভিযানের জেরে আগামী দিনে বিহারের রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনাই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Leave a comment