•
Home Top-News মদ্যপানে দেশের সেরা পাঁচে দক্ষিণের ৪ রাজ্য! বাংলার স্থান কত নম্বরে?
Top-Newsপশ্চিমবঙ্গ

মদ্যপানে দেশের সেরা পাঁচে দক্ষিণের ৪ রাজ্য! বাংলার স্থান কত নম্বরে?

Share
Hidden Stories News
প্রতীকী ছবি।
Share

কলকাতা: উৎসবের মরশুম শেষ। তবে এখনও বাকি ক্রিস্টমাস, বছর শেষের উদযাপন। দুর্গাপুজো থেকে শুরু করে দীপাবলি, একের পর এক উৎসবে মেতেছে দেশবাসী। আর সেই উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে সুরাপানও। কিন্তু জানেন কি, দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়? মদ্যপানের নিরিখে কোন রাজ্য শীর্ষে রয়েছে? সেই তালিকায় কি জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গ? সাম্প্রতিক এক রিপোর্টের পরিসংখ্যানে বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। 

রিপোর্ট অনুযায়ী, মদ বিক্রির নিরিখে দেশের প্রথম দশটি রাজ্যের তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। বার্ষিক বিক্রির পরিমাণ প্রায় ১ কোটি ৪৯ লক্ষ কেস। তবে শীর্ষস্থানে নেই বাংলা। অষ্টম স্থানে রয়েছে এই রাজ্য। অন্যদিকে, প্রথম পাঁচটির মধ্যে চারটি স্থানই দখল করেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। তালিকার শীর্ষে রয়েছে কর্নাটক। সেখানে বছরে প্রায় ৬৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। 

আরও পড়ুন: ট্রেন থামিয়ে হাতির দলকে পারাপার! মূর্তির চরে হাতি দেখতে ভিড়

দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে বছরে প্রায় ৬৪ মিলিয়ন বা ৬ কোটি ৪০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, তামিলনাড়ুতে সরকারি সংস্থা টাসম্যাকের (TASMAC) মাধ্যমে মদ বিক্রির ব্যবস্থা পরিচালিত হয়।

তৃতীয় স্থানাধিকারী রাজ্য তেলঙ্গানা। সেখানে বার্ষিক মদ বিক্রির পরিমাণ প্রায় ৩৭ মিলিয়ন বা ৩ কোটি ৭০ লক্ষ কেস। রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের ৪০ শতাংশের বেশি পুরুষ মদ্যপান করেন। চতুর্থ স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে বিক্রি হয়েছে প্রায় ৩৫ মিলিয়ন বা ৩ কোটি ৫০ লক্ষ কেস মদ।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে বছরে প্রায় ২ কোটি ৭০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। ষষ্ঠ স্থানে উত্তরপ্রদেশ, বিক্রির পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লক্ষ কেস। সপ্তম স্থানে কেরল, প্রায় ২ কোটি ২৯ লক্ষ কেস বিক্রি হয়েছে।

অষ্টম স্থানাধিকারী পশ্চিমবঙ্গের পর নবম স্থানে রয়েছে রাজস্থান। সেখানে মদ বিক্রির পরিমাণ প্রায় ১ কোটি ৩৭ লক্ষ কেস। আর দশম স্থানে রয়েছে দেশের রাজধানী দিল্লি। সেখানে বছরে প্রায় ১ কোটি ১৮ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে।

তবে এই পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এখানে রাজ্যগুলির মধ্যে তুলনা করা হয়েছে বার্ষিক মদ বিক্রির কেস বা বাক্সের মোট সংখ্যার ভিত্তিতে। এই তালিকা সরাসরি প্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের হারের ছবি তুলে ধরে না। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার তথ্য অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে মদ্যপানের প্রবণতা বেশি এমন রাজ্যের মধ্যে রয়েছে অরুণাচলপ্রদেশ, ছত্তীসগঢ় ও ত্রিপুরার মতো রাজ্যও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *