কলকাতা: ওটিটি জগতের দুনিয়ায় অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রামের সহজ সরল মানুষের জীবন, স্থানীয় রাজনীতির নানা টানাপড়েন আর প্রতিটি চরিত্রের সাবলীল অভিনয়, সব মিলিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই সিরিজ। চতুর্থ সিজন পেরিয়ে পঞ্চম পর্বের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। প্রধানজি, মঞ্জু দেবী থেকে বনরাকস, কবে আবার দেখা যাবে? তবে এই অপেক্ষা এবার আরও দীর্ঘ হতে চলেছে। ২০২৬ সালে মুক্তি পাচ্ছে না ‘পঞ্চায়েত ৫’।
সম্প্রতি প্রাইম ভিডিয়োর তরফে সোশ্যাল মিডিয়ায় ‘পঞ্চায়েত ৫’ নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে। সেখানেই নতুন সিজনের মুক্তি নিয়ে তৈরি হয়েছে জল্পনা। চলতি বছরে আর ফুলেরা গ্রামের নতুন গল্প দেখা যাবে না। সেক্ষেত্রে পঞ্চম সিজনের জন্য দর্শককে অপেক্ষা করতে হতে পারে ২০২৭ সাল পর্যন্ত। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত নতুন সিজন মুক্তির আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: বক্স অফিসে ‘রামায়ণ’ই ধুরন্ধর!
প্রসঙ্গত, ‘পঞ্চায়েত ৪’-এর শেষ পর্বে ফুলেরা গ্রামের রাজনীতিতে বিশাল টানাপড়েন দেখা গিয়েছিল। এত দিন গ্রামের প্রধানের দায়িত্বে ছিলেন প্রধানজি ও মঞ্জু দেবী। কিন্তু চতুর্থ সিজনে সেই ক্ষমতা চকে যায় ক্রান্তি দেবীর হাতে। নতুন প্রধান হিসেবে দায়িত্ব পান তিনি। আর তাঁর পাশে থেকে গ্রামের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করেন স্বামী ভূষণ শর্মা ওরফে বনরাকস। ফলে ফুলেরা গ্রামের পরিচিত রাজনৈতিক পরিবেশে সম্পূর্ণ বদলে যায়।
এবার পঞ্চম সিজনে সেই নতুন সমীকরণ কোন দিকে এগোয়, সেটাই দেখার। বনরাকস কি নিজের প্রভাব আরও বাড়াতে পারবেন? প্রধানজি ও মঞ্জু দেবী আদেও কি নিজেদের জায়গা ফিরে পাবেন? অন্যদিকে, সচিবজির ব্যক্তিগত জীবন ও কর্মজীবনেও কি আসবে কোনও বড় পরিবর্তন? একাধিক প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় দর্শক। তবে এবারের অপেক্ষা যেন একটু বেশিই।
Leave a comment