•
Home Top-News সুপ্রিম কোর্ট ‘নীরব দর্শক’! বিচারপতিদের নিয়ে মুখ খোলায় অভিষেককে শো-কজ়
Top-Newsকলকাতা

সুপ্রিম কোর্ট ‘নীরব দর্শক’! বিচারপতিদের নিয়ে মুখ খোলায় অভিষেককে শো-কজ়

Share
অভিষেককে শো-কজ।
Share

কলকাতা: আদালত এবং বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে কলকাতা হাই কোর্টে বড়সড় আইনি ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফৌজদারি আদালত অবমাননার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদকে শোকজ় নোটিস ধরাল উচ্চ আদালত। 

মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে শোকজ়ের লিখিত জবাব দিতে হবে অভিষেককে। সন্তোষজনক জবাব না মিললে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক পদক্ষেপ বা আদালত অবমাননার রুল জারি করা হবে না, তার ব্যাখ্যা চেয়েছে আদালত। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি, অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে আগামী দু’সপ্তাহের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই সময় অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের আনাগোনা ও ছোটখাটো হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এর পরেই নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক। 

অভিযোগ, সেই পোস্টে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টকে ‘নীরব দর্শক’ বলে কটাক্ষ করেন তিনি। শুধু তা-ই নয়, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবং নির্দিষ্ট কয়েক জন বিচারপতির নাম করে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ।

আরও পড়ুন : জ্ঞানেশকে কটাক্ষ! ভবানীপুর থানায় ম্যারাথন জেরা, পুলিশি তলবের পর বিস্ফোরক অভিষেক

নিজের নিরাপত্তা কমানোর সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের ওই সাক্ষাৎকার ও সমাজমাধ্যমের পোস্টের প্রসঙ্গ এজলাসে তুলে ধরেন। 

তাঁর সওয়াল ছিল, “মামলাকারী বিচারপতিদের নাম উল্লেখ করে কটাক্ষ করেছেন। আদালতকে এ ভাবে বোকা বানানো যায় না।” তিনি অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানান।

সে দিনই এজলাসে তীব্র উষ্মাপ্রকাশ করেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। অভিষেকের আইনজীবীকে ভর্ৎসনা করে বিচারপতি বলেছিলেন, “আপনার মক্কেল তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন! তাঁকে বলুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই, তার একটি তালিকা দিতে। আমি দেখে নেব। উনি তো বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন (এসিআর) লিখে দিচ্ছেন!” বিচারপতি আরও মনে করিয়ে দেন, অভিষেক এক জন শিক্ষিত মানুষ এবং সাংসদ। তাঁকে সাধারণ নাগরিকের মতো হালকা ভাবে বিবেচনা করা যায় না।

গত বৃহস্পতিবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাও। মঙ্গলবার সেই মামলার পর্যবেক্ষণে আদালত স্পষ্ট জানায়, অভিষেক নিজে এই মামলার মামলাকারী ও বিচারপ্রার্থী। তা সত্ত্বেও বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন তিনি। 

বিচারব্যবস্থা ও বিচারপতিদের বিরুদ্ধে ‘কলঙ্কজনক অভিযোগ’ এনে যে মন্তব্য তিনি করেছেন, তা সম্পূর্ণ ফৌজদারি আদালত অবমাননার শামিল। এক জন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ মোটেই কাম্য নয়। তাই ১৫ দিনের মধ্যে অভিষেককে শোকজ়ের জবাব তলব করেছে হাই কোর্ট। 

অন্য দিকে, অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তটি দু’সপ্তাহের মধ্যে খতিয়ে দেখার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। সব মিলিয়ে, আইনি লড়াইয়ে এ বার বেশ খানিকটা ব্যাকফুটেই চলে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *