•
Home Top-News উদয়ের গাড়িতে কার্তিক ঠাকুর! বাড়িতে ফিরতেই মাথায় হাত অনামিকার?
Top-Newsবিনোদন

উদয়ের গাড়িতে কার্তিক ঠাকুর! বাড়িতে ফিরতেই মাথায় হাত অনামিকার?

Share
Hidden Stories News
উদয়-অনামিকা। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি উদয় উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। মাঝে মধ্যেই সহকর্মীদের সঙ্গে মজার ছলে নানা প্র্যাঙ্ক করে থাকেন উদয়। কিন্তু এবার সেই প্র্যাঙ্কের শিকার হলেন অভিনেতা নিজেই। কার্তিক পুজোর আগের দিন ‘পরিণীতা’ ধারাবাহিকের সহকর্মীরা একেবারে নিঃশব্দে উদয়ের গাড়িতে কার্তিক ঠাকুর রেখে দেন। শুটিং শেষে বাড়ি ফেরার পথে যে এমন কাণ্ড ঘটে গেছে, তিনি টেরই পাননি। বাড়ি ফিরে এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। আর এর জেরেই পুজোর তোড়জোড় করতে হচ্ছে স্ত্রী অনামিকাকে।  

২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ে সারেন উদয় ও অনামিকা। কাজের ব্যস্ততায় দুজনের বেশিরভাগ সময়টাই কেটে যায় শুটিং ফ্লোরে। উদয় একের পর এক ধারাবাহিকে কাজ করছেন। কিন্তু অনামিকা  বেশ কিছুটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতি ছিল প্রায় সাত-আট মাসের। এরপর ‘গঙ্গা’ ধারাবাহিকের হাত ধরে আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী। কার্তিক পুজোর আগের দিন রাতের এই মজার ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অনামিকা।

আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাচেও বাঁচবেন না’, অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টারের

সোমবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা দেন অভিনেত্রী। হাসতে হাসতেই তিনি বলেন, জীবনে এমন বড় প্র্যাঙ্ক উদয়ের সঙ্গে আগে হয়নি। যিনি নিজে সকলের সঙ্গে মজা করতে ভালোবাসেন, তাঁকেই এবার বোকা বানিয়ে দিয়েছে ‘পরিণীতা’র টিম। শুটিং শেষে বাড়ি ফেরার সময় উদয়ের গাড়িতে চুপিসারে কার্তিক ঠাকুর রেখে দেওয়া হয়। তবে এই মজার ঘটনায় তিনিও সামিল ছিলেন, সে কথাও জানিয়েছেন অনামিকা।

কিন্তু বাড়িতে কার্তিক ঠাকুরের আগমন ঘটতেই শুরু হয়েছে নতুন চিন্তা। পরের দিন সকালে পুজোর আয়োজন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। অনামিকার কথায়, “জীবনের সবথেকে বড় প্র্যাঙ্ক আজ উদয়ের সঙ্গে হয়েছে। আজ শুট থেকে ফেরার সময় ওর গাড়িতে কার্তিক ঠাকুর রাখা হয়েছে। যে ছেলেটা জীবনে সবার সঙ্গে প্র্যাঙ্ক করেছে, আজ তাঁর সঙ্গেই সবচেয়ে বড় প্র্যাঙ্ক করে দিয়েছে টিম পরিণীতা। আর আমিও সেটার সঙ্গে জড়িয়ে গিয়েছি। এত রাতে পুরোহিত জোগাড় করতে পারিনি। কাল পুজো হবে।”

শুধু এবছর নয়,  আগামী তিন বছর পুজো করবেন বলেও জানিয়েছেন অনামিকা। পরের দিন শুটিংয়ের কল টাইম দেরিতে রয়েছে। তাই সকালে উঠে পুজোর সকল আয়োজন করবেন অভিনেত্রী। তবে কার্তিক ঠাকুরের আগমনে কি এবার উদয়-অনামিকার সংসারে আসবে নতুন অতিথি? সেই জল্পনায় অবশ্য নিজেই জল ঢেলেছেন অভিনেত্রী। স্পষ্টভাবে জানিয়েছেন, কার্তিক এলেও এখনই সন্তান আসছে না। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *