কলকাতা: সকাল থেকে ধিকিধিকি জ্বলতে থাকা ‘বইযুদ্ধ’-এর আগুন সন্ধ্যা নামতেই ভয়াবহ রূপ নিল। কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর অস্থায়ী বুকস্টল লক্ষ্য করে শুরু হল মুহুর্মুহু ইটবৃষ্টি, ডিম ছোড়া এবং একের পর এক চকোলেট বোমাবাজি।
ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি-র সমর্থকদের এই অতর্কিত হামলায় প্রাণ বাঁচাতে এবং বই রক্ষা করতে প্লাস্টিকের চেয়ার মাথার উপরে তুলে ঢাল বানিয়ে আত্মরক্ষা করতে দেখা যায় এসএফআই সদস্যদের।
পাশাপাশি, দুপুরে বামেদের স্টলে এসে বেরনোর সময় প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ঘিরেও এবিভিপি সমর্থকেরা ‘গো ব্যাক’ স্লোগান দেন বলে অভিযোগ। বই নিয়ে বইপাড়ার এমন নজিরবিহীন রণক্ষেত্রের ছবি সাম্প্রতিক অতীতে দেখেনি শহর কলকাতা।
আরও পড়ুন : কলেজস্ট্রিটে বই-যুদ্ধ! এসএফআইয়ের স্টলে হামলা, অভিযোগ এবিভিপির বিরুদ্ধে
ঘটনার সূত্রপাত সোমবার রাত থেকে। পঞ্চম বর্ষে ‘সংগ্রামী বইপত্র’ কর্মসূচির জন্য জোড়াসাঁকো থানা ও পুরসভার অনুমতি নিলেও আচমকা রাস্তার পাশে স্টল করতে বাধা দেয় পুলিশ। মঙ্গলবার ট্রাম লাইনের উপর বই সাজিয়ে বসলে এসএফআই সদস্যদের আটক করা হয়েছিল।
বুধবার সকালে সীমিত পরিসরে এসএফআই বই বিক্রি শুরু করতেই পাল্টা ‘রাষ্ট্রবাদী বই’ বিক্রির দাবিতে পথে নামে এবিভিপি। বিবেকানন্দ ও ভারতমাতার ছবি হাতে নিয়ে এসএফআই-এর ব্যানার ছিঁড়ে মার্ক্স-লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
দুপুরে এসএফআই-এর স্টলে হাজির হন বিমান বসু এবং সুজন চক্রবর্তী। আধ ঘণ্টা পর বিমানবাবু বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন এবিভিপি কর্মীরা। যদিও বিমানবাবু শান্ত ভাবেই জানান, “আমাকে গো-ব্যাক বলার কিছু ছিল না। আমি এখানে থাকতেও আসিনি, বই বিক্রি করতেও আসিনি। মিটিং থাকায় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম।”
কিন্তু সন্ধ্যা গড়াতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, পুলিশের গার্ডরেল ও ব্যারিকেড উল্টে রাস্তার ওপারে থাকা এসএফআই-এর স্টলে চড়াও হওয়ার চেষ্টা করে এবিভিপি। বাধা পেয়ে শুরু হয় ইট, ঢিল, জলের বোতল, লাঠি এবং ডিম ছোড়া। ফাটানো হয় চকোলেট বোম।
কাপড় দিয়ে বইয়ের টেবিল ঢেকে কোনও রকমে বই বাঁচিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন এসএফআই কর্মীরা। পাল্টা প্রতিপক্ষের দিকে চেয়ার ছুড়তে দেখা যায় তাঁদেরও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এবং নেত্রী মধুজা সেনরায়। তাঁদের অভিযোগ, বামপন্থীদের শক্তি দমনে পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে গেরুয়া শিবির।
অন্য দিকে, পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বাম ছাত্র সংগঠন। তাদের প্রশ্ন, মঙ্গলবার বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুলিশ অতিসক্রিয় হয়ে এসএফআই সদস্যদের গ্রেফতার করেছিল, অথচ বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে বোমা-ইট ছোড়া সত্ত্বেও কেন এবিভিপি-র কাউকে আটক করা হল না?
সপ্তাহের ব্যস্ত দিনে এই সংঘর্ষের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিট। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। কলকাতা মেডিক্যাল কলেজের দিক থেকে আসা অ্যাম্বুল্যান্সগুলিকেও ঘুরিয়ে সূর্য সেন স্ট্রিট দিয়ে পাঠাতে বাধ্য হয় পুলিশ। সব মিলিয়ে, রাত পর্যন্ত চাপা উত্তেজনা ও বিশাল পুলিশি প্রহরায় থমথমে হয়ে রয়েছে গোটা কলেজ স্ট্রিট চত্বর।
Leave a comment