একসময় প্রেম মানেই ছিল হাতে লেখা চিঠি, প্রিয় মানুষের ফোনের অপেক্ষা, অডিয়ো ক্যাসেটে পছন্দের গান রেকর্ড করে দেওয়া। ছিল ল্যান্ডলাইন ফোনে একটু কথা বলার জন্য হাজার একটা অজুহাত। সেই নস্টালজিয়ায় এবার ফিরতে চলেছে বাংলা টেলিভিশন। আর সেই যাত্রায় সামিল হচ্ছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। যা নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।
নতুন বাংলা ধারাবাহিক ‘Dear 90’s’-এর হাত ধরে ছোটপর্দায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন কোয়েল। সোনি আটে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিক। পাশাপাশি Sony LIV-এও দেখা যাবে এটি।
আরও পড়ুন:২০২৬-এই ফিরছে সচিবজি! কবে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’?
নব্বইয়ের দশকের প্রেম, বন্ধুত্ব, স্কুলজীবন আর বড় হয়ে ওঠার নানা গল্প নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিক। সেই সময়ের চিঠি, ক্যাসেট, ল্যান্ডলাইন আর ছোট ছোট আবেগের মুহূর্ত ফিরে আসবে পর্দায়। ধারাবাহিকে অপরাজিতা নামে এক লেখিকার চরিত্রে দেখা যাবে কোয়েলকে। তাঁর লেখা ‘Dear 90’s’ বইটি বেস্টসেলার। নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতিতে ডুব দেবেন তিনি। আর সেই স্মৃতির পথ ধরেই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশক।
তবে গোটা ধারাবাহিকে কোয়েলকে দেখা যাবে না। তাঁর চরিত্রটি গল্পের কয়েকটি পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তিনি চার-পাঁচটি পর্বে অভিনয় করেছেন।
কেন এই ধারাবাহিক করতে রাজি হলেন কোয়েল?

অভিনেত্রীর কথায়, নব্বইয়ের দশকের প্রেম আর সম্পর্কের মধ্যে একটা আলাদা সরলতা ছিল। সেই সময়ের অনুভূতি, অপেক্ষা আর ভালোবাসার প্রকাশ তাঁকে আকৃষ্ট করেছে। এমনকী নিজের স্কুলজীবনে প্রেম করার সুযোগও বিশেষ পাননি বলে মজার ছলে জানিয়েছেন অভিনেত্রী। বাড়ির ল্যান্ডলাইন ফোন থাকত দাদুর টিভির ঘরে! তাই ফোনে প্রেমালাপের সুযোগও ছিল না।
উল্লেখ্য, এর আগে টেলিভিশনে টক শো সঞ্চালনা করেছেন কোয়েল। বিভিন্ন রিয়্যালিটি শোতেও বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। তবে বাংলা ধারাবাহিকে অভিনয় তাঁর কাছে নতুন অভিজ্ঞতা। তাই অনুরাগীদের শুভেচ্ছা বার্তা সঙ্গে নিয়েই আগামীদিনে আসতে চলেছেন অভিনেত্রী।
Leave a comment