•
Home Top-News ‘আবার আসব!’, ৪০ কোটির সোনা লুঠে জানাল বিহারের ডাকাতরা
Top-Newsদেশ

‘আবার আসব!’, ৪০ কোটির সোনা লুঠে জানাল বিহারের ডাকাতরা

Share
ছবি : সংগৃহীত
Share

পাটনা: ভরদুপুরে জনবহুল এলাকায় সশস্ত্র দুষ্কৃতীদের দুঃসাহসিক তাণ্ডব! 

সিনেমার কায়দায় গয়নার শোরুমে ঢুকে কর্মী ও ক্রেতাদের হাত-পা বেঁধে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার সোনা ও হিরের গয়না লুট করে চম্পট দিল আট দুষ্কৃতীর একটি দল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় এক সোনার দোকানের শোরুমে। 

শুধু কোটি কোটি টাকার সামগ্রী লুট করেই ক্ষান্ত হয়নি ডাকাতদল, শোরুম ছাড়ার আগে রীতিমতো হুমকির সুরে তারা বলে যায়— “এটা তো সবে সিনেমা, আমরা আবার ফিরব!” বেতিয়ার ইতিহাসে এটাই অন্যতম বৃহত্তম ডাকাতির ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, তিনটি মোটরবাইকে চেপে আট জন সশস্ত্র দুষ্কৃতী আচমকাই বেতিয়ার ওই অভিজাত গয়নার শোরুমে হানা দেয়। শোরুমে ঢুকেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখাতে শুরু করে তারা। 

আরও পড়ুন : আত্মীয়কে ট্রেনে তুলতে এসে ১৪০ কিলোমিটার! বন্দে ভারতে ১২ জনের ফাইন ৩৬ হাজার

মুহূর্তের মধ্যে শোরুমের কর্মী এবং সেখানে উপস্থিত ক্রেতাদের বন্দুকের নলের ডগায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় দুষ্কৃতীরা। কেউ যাতে কোনও রকম বাধা দিতে না পারেন বা বাইরে ফোন করে সাহায্য চাইতে না পারেন, সে জন্য প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং সকলের হাত বেঁধে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করে রাখা হয়।

এর পরই শোরুমের শো-কেস এবং লকার থেকে বহুমূল্য গয়না ব্যাগে ভরতে শুরু করে ডাকাতদল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, লুটপাট চলাকালীন বাধা দেওয়ার চেষ্টা করায় বা আতঙ্কে চিৎকার করায় শোরুমের ভিতরে থাকা দু’জন ব্যক্তির মাথায় ভারী বস্তু বা বন্দুকের বাঁট দিয়ে সজোরে আঘাত করে দুষ্কৃতীরা। 

রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই দু’জন। গোটা অপারেশন শেষ করে ব্যাগ ভর্তি গয়না নিয়ে নির্বিঘ্নে শোরুম থেকে বেরিয়ে যায় আট দুষ্কৃতী। শোরুমে উপস্থিত এক মহিলা জানিয়েছেন, যাওয়ার সময় দুষ্কৃতীদের এক জন দম্ভের সঙ্গে বলে যায়, “আমরা আবার আসব, এটা তো একটা সিনেমা চলছে।”

ভরদুপুরে এমন ভয়াবহ ডাকাতির খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায় গোটা বেতিয়া শহরে। খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান চম্পারণ রেঞ্জের ডিআইজি হরকিশোর রাই, পশ্চিম চম্পারণের পুলিশ সুপার (এসপি) কুমার গৌতম এবং ডিএসপি অজিত কুমার। একাধিক থানার পুলিশ আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের শীর্ষ কর্তারা শোরুমের ভিতর ঘুরে দেখেন এবং আতঙ্কিত কর্মী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে, লুট হওয়া সোনা ও মূল্যবান গয়নার বাজারমূল্য আনুমানিক ৩০ থেকে ৪০ কোটি টাকার মধ্যে। তবে শোরুম কর্তৃপক্ষের তরফে স্টক মিলিয়ে দেখার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্ক স্পষ্ট হবে। 

শোরুমের ভিতরের এবং সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। জেলার সমস্ত সীমানা সিল করে নাকা তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু দিনদুপুরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিহারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *