কলকাতা: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী! এই খবরেই উত্তাল হয়ে উঠেছিল সমাজমাধ্যম। কবে বিয়ে, কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী? এই সকল প্রশ্নের উত্তরই খুঁজছিলেন অনুরাগীরা। তবে জানা গিয়েছে, মিমির হবু জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ দত্ত। যদিও তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত না বলেই খবর। জলপাইগুড়ির মেয়ে মিমি। জন্ম থেকে বেড়ে ওঠা, জীবনের বেশি সময়টাই কাটিয়েছেন সেখানে। তাই মিমি চক্রবর্তীর বিয়ের খবর ঘিরে এখন সরগরম জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকা। কারণ, এই পাড়াতেই পাশাপাশি রয়েছে মিমির নিজের বাড়ি এবং মামার বাড়ি।
বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই তোড়জোড় আরও বাড়ছে। মিমির মামা মামা রাম চক্রবর্তী জানান, “এটাই তো স্বাভাবিক। এই দিনেরই তো অপেক্ষায় ছিলাম আমরা।” স্বাভাবিকভাবেই আনন্দের সীমা নেই তাঁদের। বহু বছর ধরেই মিমি কলকাতার বাসিন্দা। মডেলিং থেকে নিজের কেরিয়ার শুরু করে করেন। এরপর অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। তারপর রাজনীতির ময়দানেও সক্রিয় ভূমিকা নেন। কিন্তু জলপাইগুড়ির সঙ্গে সম্পর্কটা আজও অটুট। সুযোগ পেলেই ছুটে যান নিজের শহরে, সময় কাটান আত্মীয়স্বজনদের সঙ্গে। এমনকি পাড়ার ক্লাবের পুজোর উদ্বোধনে ঢাক বাজাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
কেমন হবে বিয়ের আয়োজন?
পারিবারিক সূত্রে খবর, মূলত দুই জায়গায় বিয়ের অনুষ্ঠান হবে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় আয়োজিত হবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। তার আগে বাগদান এবং অন্যান্য মাঙ্গলিক পর্বও সেরে ফেলা হবে। এরপর ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে রয়েছে তিন দিনের বিশেষ আয়োজন। আত্মীয়স্বজনের সংখ্যাও নেহাত কম নয়। তাই কলকাতা ও কালিম্পংয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদেরও ভাগ করে নেওয়া হয়েছে। কেউ কলকাতার আয়োজনে থাকবেন, কেউ আবার পাড়ি দেবেন পাহাড়ে। অভিনেত্রীর বিয়েতে কারা কারা উপস্থিত থাকবেন, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মিমির মামার বাড়ির সদস্যরা। হবু জামাইকে নিয়ে প্রশ্ন উঠতেই খানিক রহস্য বজায় রেখেছেন তাঁরা। পরিবারের বক্তব্য, মিমির পছন্দ এবং ইচ্ছেকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মিমির বিয়ের কাউন্টডাউন শুরু? প্রকাশ্যে এল অভিনেত্রীর আইনি বিয়ের দিন!
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির স্টোরের বাইরের তাঁকে দেখা গিয়েছিল তাঁকে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিমির বিয়ের আমন্ত্রণপত্র। তবে নজর কেড়েছে কার্ডের নকশা। অভিনেত্রীর তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদুকেও সেখানে রেখেছেন অভিনেত্রী। মিমির জীবনের অবিচ্ছেদ্য অংশ এই তিন সারমেয়। তাই জীবনের বিশেষ মুহূর্তেও তাদের সঙ্গী করতে ভোলেননি মিমি।
Leave a comment