কলকাতা : এবার এক চোখ ধাঁধানো মুহূর্তের সাক্ষী থাকলেন সকলে। মঞ্চে উপস্থিত তামিল সুপারস্টার আমাধবন। চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ, সম্মান পাওয়ার আনন্দ আর গর্বের মুহূর্ত। কিন্তু সেই মঞ্চেই যেন আলাদা করে নজর কেড়ে নিল তাঁর হাতের ঘড়ি! না, সাধারণ কোনও ঘড়ি নয়। দাম শুনলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না! প্রায় ৪০ লক্ষ ৫০ হাজার টাকা! যে টাকায় কলকাতার বেশ কিছু এলাকায় ছোটখাটো ফ্ল্যাট কেনা সম্ভব, সেই দামেই একটি হাতঘড়ি পরে পদ্মশ্রীর মঞ্চে হাজির অভিনেতা।
আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে ফিরছেন অলকা ইয়াগনিক?
কিন্তু কী এমন রয়েছে এই ঘড়িতে, যার দাম এতটা? ঘড়িটির নাম Titan Nebula Jalsa Flying Tourbillon। ভারতীয় সংস্থা টাইটানের বিলাসবহুল নেবুলা কালেকশনের এই বিশেষ ঘড়ি তৈরি হয়েছে একেবারে অন্যরকম ভাবনায়।

ঘড়ির ডায়ালেই রয়েছে আসল চমক। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে জয়পুরের বিখ্যাত হাওয়া মহল। তবে কোনও ছাপানো ছবি নয়, হাতে আঁকা হয়েছে এই নকশা। আর এই কাজ করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী এস শাকির আলি। অর্থাৎ, অভিনেতার হাতের ঘড়িতেও রয়েছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। শুধু নকশা নয়, ঘড়িটির বাইরের অংশও বেশ নজরকাড়া। ১৮ ক্যারেট রোজ গোল্ড দিয়ে তৈরি এই ঘড়ির মাত্র ১০টি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এমন ঘড়ি চাইলেই যে কেউ কিনতে পারবেন, তেমনটা নয়।
এবার আসা যাক এর ভিতরের কারিগরির কথায়। ঘড়িটিতে রয়েছে Flying Tourbillon প্রযুক্তি। ঘড়ির সময় দেখানোর পদ্ধতিকে আরও নিখুঁত রাখতে এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ভিতরে রয়েছে ১৪৪টি যন্ত্রাংশ এবং ১৪টি জুয়েল। সব মিলিয়ে ঘড়িটি তৈরি করতে যে সূক্ষ্ম কাজ করা হয়েছে, তার ছাপ রয়েছে প্রতিটি অংশে।
আরও পড়ুন: ২৫ বছর পর ফের এক ফ্রেমে ‘পু’ ও ‘রোহন’! K3G-র নস্টালজিয়ায় ভাসলো নেটপাড়া
তবে মাধবনের এই ঘড়ি নিয়ে চর্চার কারণ শুধু তার দাম নয়। ভারতীয় সংস্থার তৈরি একটি বিলাসবহুল ঘড়িতে জায়গা পেয়েছে দেশের ঐতিহ্যবাহী স্থাপত্য ও শিল্পকলা। আর সেই ঘড়িই অভিনেতার হাতে দেখা গেল পদ্মশ্রী সম্মান গ্রহণের মতো বিশেষ দিনে।
একদিকে পদ্মশ্রী প্রাপ্তির আনন্দ, অন্যদিকে হাতে প্রায় ৪০ লক্ষ টাকার ঘড়ি! ফলে সম্মানের মঞ্চে মাধবনের উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনই তাঁর হাতের এই বিশেষ ঘড়িও এখন আলোচনার কেন্দ্রে।
Leave a comment