ওয়েলিংটন: শুরুটা মনের মতো হয়নি। প্রথম দিনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ব্যাট হাতে দাপট দেখিয়ে ক্রমশ নিজেদের অবস্থান মজবুত করছেন শুভমন গিলরা। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রানের পাহাড় গড়ল ভারত। লোকেশ রাহুলের দুরন্ত শতরান, দেবদত্ত পডিক্কলের ৮০ এবং অধিনায়ক শুভমন গিলের ৯৮ রানের ইনিংসে এগিয়ে গেল দল। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৮৬। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৬৮ রান ছিল। ১১৮ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া।
আগের দিনের ১ উইকেটে ১৫৯ রান নিয়ে শনিবার মাঠে নামে ভারত। শুরু থেকেই ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই নজর ছিল ব্যাটারদের। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বাঁধেন দেবদত্ত পডিক্কল। তাঁদের যৌথ দাপটে চাপে পড়ে নিউজিল্যান্ডের বোলাররা। দু’জনের জুটিতে যোগ হয় ১৬৫ রান। ১০টি বাউন্ডারি হাঁকিয়ে ৮০ রান করে মাঠ ছাড়েন পডিক্কল। তাঁর ইনিংস ভারতের বড় স্কোরের ভিত তৈরি করে দেয়।
আরও পড়ুন: মুসলমান বলেই বাদ সিরাজ! বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের!
নিজের ছন্দে ব্যাট করে শতরান পূর্ণ করেন রাহুল। ১৩৬ রানের ইনিংসে খেলেছেন তিনি। তার মধ্যে রয়েছে ৯টি চার ও ২টি ছক্কা। টেস্ট কেরিয়ারে এটি তাঁর দ্বাদশ শতরান। তবে এই ইনিংসের গুরুত্ব আরও বেশি। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ওপেনার হলেন রাহুল। অন্যদিকে, শতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন শুভমন গিল। কিন্তু শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হল অধিনায়ককে। ব্যাটিংয়ে ৯৮ রান করেন তিনি। ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান। দিনের শেষ মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া হয়ে যায়।
তবে ইনিংসের শেষ ভাগে নজর কেড়েছেন ঋষভ পন্থ। বেশ কিছুদিন পর টেস্ট ক্রিকেটে নিজের চেনা মেজাজে ধরা দিয়েছেন তিনি। ৫৫ রানে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। অন্য প্রান্তে ০ রানে অপরাজিত অনশুল কম্বোজ। ফলে চতুর্থ দিনের শুরুতে আরও রান বৃদ্ধির সুযোগ থাকছে ভারতের। ভারতীয় ব্যাটারদের সামনে এদিন দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের বোলিং বিভাগ। কাইল জেমিসন, নাথান স্মিথ ও ম্যাট হেনরি একটি করে উইকেট নিয়েছেন। জ্যাকব ডাফিওর বলেই সাজঘরে ফিরে যান শুভমন গিল। তবে ভারতীয় ব্যাটারদের রান তোলার গতি আটকাতে পারেননি কিউয়ি বোলাররা।
Leave a comment