কলকাতা: উৎসবের মরশুম শেষ। এখন কারও বাড়িতে চলছে বিয়ের তোড়জোড়, কোথাও আবার চলছে জোরকদমে কেনাকাটা। নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে মেতে উঠবেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু সংখ্যাটা জানেন? আগামী ২৫ দিনে গোটা দেশে প্রায় ৫২ লক্ষ বিয়ের অনুষ্ঠান হতে পারে। আর এই অনুষ্ঠান ঘিরেই হতে পারে বিপুল পরিমাণ আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এর মতে, প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিয়ের মরশুমে শুধু পরিবারগুলির নয়, ব্যবসায়ী মহলেরও খুশির হাওয়া।
CAIT-এর হিসাব অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫২ লক্ষ বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে দু’লক্ষেরও বেশি বিয়ের অনুষ্ঠান হতে পারে। আর বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল কেনাকাটা ও আয়োজন। গয়না, পোশাক, উপহার, খাবার, যাতায়াত থেকে শুরু করে হোটেল ও অনুষ্ঠানবাড়ি সবকিছুরই চাহিদা তুঙ্গে থাকে। আর এরই প্রভাব পড়বে ব্যবসায়। ব্যবসায়ীদের সংগঠনটির অনুমান, বিয়ের এই মরশুমে মোট লেনদেনের পরিমাণ প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে।
শুধু দিল্লি এবং সংলগ্ন এলাকা জুড়ে প্রায় ৫ লক্ষ বিয়ের অনুষ্ঠান হতে পারে। সেখান থেকে ব্যবসার অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা। যদিও এই হিসাবটি তৈরি করেছে CAIT-এর গবেষণা শাখা ২৫টি রাজ্যের ৫৫০টিরও বেশি ব্যবসায়ী সংগঠন এবং ৩০০-র বেশি ব্যবসায়িক প্রতিনিধি।
কোন খাতে কত টাকার ব্যবসা?
বিয়ের বাজারে গয়না ও মূল্যবান ধাতুর ক্ষেত্রে সবচেয়ে বেশি লেনদেন হওয়ার সম্ভাবনা। CAIT-এর অনুমান, এই খাতে ব্যবসার অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ১.২ লক্ষ কোটি টাকা। পোশাকের ক্ষেত্রে বাজারে লেনদেনের অঙ্ক পৌঁছতে পারে ৯০ হাজার কোটি টাকায়। বিয়ের অনুষ্ঠান মানেই জোরদার খাওয়াদাওয়ার আয়োজন। ফলে ক্যাটারিং ব্যবসায় প্রায় ৭৫ হাজার কোটি টাকার লেনদেন হতে পারে। অন্য দিকে, অনুষ্ঠানবাড়ি, ব্যাঙ্কোয়েট হল এবং হোটেলের ব্যবসা ৬০ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে।
উপহার ও বিয়ের সাজসজ্জার সামগ্রী এবং খাবারের জোগান, এই দুই ক্ষেত্রেই প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক্স, শুকনো ফল ও মিষ্টি, আসবাবপত্র এবং গৃহস্থালির সামগ্রীর বাজারে প্রতিটি ক্ষেত্রে লেনদেন হতে পারে প্রায় ৩০ হাজার কোটি টাকা। পাশাপাশি ফুলের সাজসজ্জা ও বিয়ের পরিকল্পনার মতো একাধিক পরিষেবাতেও ভালো ব্যবসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আত্মীয়কে ট্রেনে তুলতে এসে ১৪০ কিলোমিটার! বন্দে ভারতে ১২ জনের ফাইন ৩৬ হাজার
বিয়ের বাজারে কর্মসংস্থানের সুযোগ
কর্মসংস্থানের ক্ষেত্রেও এই বিয়ের মরশুম গুরুত্বপূর্ণ হতে পারে। CAIT-এর অনুমান, আগামী ২৫ দিনে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১ কোটি ২৫ লক্ষ অস্থায়ী, মরশুমি কাজের সুযোগ তৈরি হতে পারে। ক্যাটারিং, ফুল ও মণ্ডপসজ্জা, ফটোগ্রাফি, ভিডিয়োগ্রাফি, পরিবহণ, হোটেল, রূপচর্চা এবং অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত বহু মানুষের কর্মসংস্থান হবে। ফলে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাও লাভবান হতে পারে।
ভারতে বিয়ে মানেই একাধিক অনুষ্ঠান, কেনাকাটা এবং বিপুল আয়োজন। CAIT-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৩২ লক্ষ বিয়েকে কেন্দ্র করে প্রায় ৩.৭৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২০২৩ সালে ৩৮ লক্ষ বিয়েতে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৪.৭৪ লক্ষ কোটি টাকা। ২০২৪ সালে ৪৮ লক্ষ বিয়ে ঘিরে ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৫.৯০ লক্ষ কোটি টাকা। ২০২৫ সালে ৪৬ লক্ষ বিয়েকে কেন্দ্র করে প্রায় ৬.৫০ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছিল।
শীতের শুরুতেই দেশজুড়ে শুরু হয়ে যায় বিয়ের মরশুম। তাই মানুষের কাছে এটি নতুন কোনও বিষয় নয়। নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির শেষপর্যন্ত বিয়ের হিড়িক পড়ে। আর এই বিয়ের মরশুমেই প্রতিবছর চাঙ্গা হয়ে ওঠে দেশের বাজার। তাই এবারও যে এর অন্যথা হবে না, তা বলাই বাহুল্য।
Leave a comment