ঢাকা: জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে চরম অস্থিরতা ও রাজনৈতিক অরাজকতা অব্যাহত বাংলাদেশে।
এরই মাঝে বড়সড় জল্পনা ছড়াল হাসিনার ফিরে নিয়ে। সূত্রের খবর, রবিবার ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল-বেনাপোল এলাকা পরিদর্শনে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের চার শীর্ষ নেতা। সেখানে তিন-চার দিন থাকার পর তাঁদের ত্রিপুরার আগরতলায় যাওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনাকে কোন নিরাপদ সীমান্ত পথ দিয়ে দেশে ফেরানো যায়, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই সফর। বনগাঁ সীমান্ত দিয়ে ফিরলে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থাকায় বিকল্প হিসেবে আগরতলার আখাউড়া সীমান্তের পরিস্থিতিও পর্যবেক্ষণ করতে চলেছেন আওয়ামি নেতৃত্ব।
অন্য দিকে, দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানোর গুরুতর অভিযোগ উঠেছে আওয়ামির বিরুদ্ধে। বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ভুয়ো খবর ও ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে হিন্দু অধ্যুষিত নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিষিদ্ধ আওয়ামি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুরনো বা ভুয়ো ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলে দাবি প্রশাসনের। পাশাপাশি শাসকদল বিএনপি-র অভিযোগ, আন্দোলনের নামে ‘লাশ’ চাইছেন শেখ হাসিনা, আর সেই কারণেই দেশ জুড়ে আগুন জ্বালানো হচ্ছে।
আরও পড়ুন : বাংলাদেশে রাজনৈতিক হিংসার আঁচ, হামলা-অগ্নিসংযোগে আতঙ্কিত সংখ্যালঘুরা
হিংসা ও পাল্টা হামলার ছবি অবশ্য শনিবারও বদলায়নি। সিলেটে বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের বাড়ির সামনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। অন্য দিকে, শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামির প্রাক্তন তিন সাংসদ ও প্রাক্তন মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতী।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলিগের দুই নেতার বাড়িতেও ভাঙচুর চলে। পাল্টা হিসেবে চট্টগ্রামে বিএনপি-র ছাত্রদলের একটি মোটরবাইক মিছিলে হামলা চালিয়ে পাঁচটি বাইক ভাঙচুর ও একাধিক বাইকে আগুন ধরানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ যুবলীগের বিরুদ্ধে।
আওয়ামি গড় বলে পরিচিত গোপালগঞ্জে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে তিনটি থানায় অগ্নিসংযোগ ও হাসপাতালে হামলার পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এরই মধ্যে শনিবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে তারেক রহমান বলেন, “বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের সরকার বদ্ধপরিকর।” মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শিল্পাঞ্চলেও অসন্তোষ অব্যাহত। ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজিপুর ও সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। শনিবারও ঢাকা-ময়মনসিংহ সড়ক ও গাজিপুর বাইপাস অবরোধ করেন শ্রমিকেরা।
গাজিপুরে প্রায় ৮০ শতাংশ শ্রমিক কাজে ফিরলেও আশুলিয়া-সহ একাধিক জায়গায় কর্মবিরতি ও কারখানা বন্ধ থাকার জেরে অর্থনীতিতে চাপ বাড়ছে। সব মিলিয়ে, সীমান্তে আওয়ামি নেতাদের তৎপরতা এবং দেশের অভ্যন্তরে ত্রিমুখী অস্থিরতা সামলাতে রীতিমতো অগ্নিপরীক্ষার মুখে ঢাকা।
Leave a comment