পাটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে গঙ্গার উপর নির্মিত ছ’লেনের অত্যাধুনিক ‘নীতীশ সেতু’ উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র রাজনৈতিক তাণ্ডব ও বিশৃঙ্খলার সাক্ষী থাকল বিহারের বৈশালী জেলা।
শনিবার ২১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর উপস্থিতিতে ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই ওই দিনই সেতুর উপর দলীয় পতাকা হাতে চড়াও হন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর শত শত সমর্থক।
অভিযোগ, সেতুর দু’পাশে লাগানো শাসক জোট এনডিএ-র পোস্টার ও ব্যানার নির্বিচারে ছিঁড়ে ফেলা হয়। প্রায় ৪০ মিনিট ধরে মোটরবাইক নিয়ে সেতুর উপর দাপিয়ে বেড়ানোর পাশাপাশি লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সমর্থনে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশাল এই উন্মত্ত জনতার পাশে কার্যত অসহায় ভাবে হেঁটে চলেছেন পুলিশকর্মীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের তরজা চরমে উঠেছে। বিজেপির মুখপাত্র নীরজ কুমার শর্মা আরজেডি-র এই আচরণকে ‘সস্তার রাজনৈতিক নাটক’ বলে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর কথায়, “সরকার যখন পরিকাঠামোগত উন্নয়ন উপহার দিচ্ছে, তখন আরজেডি অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করছে। বিহারের মানুষ সেতু ও উন্নয়ন চান, পোস্টার ছেঁড়ার রাজনীতি চান না।”
আরও পড়ুন : নীতীশের নামে সেতু, উদ্বোধনে গামছা ওড়ালেন মোদী! নামকরণ ঘিরে খোঁচা তেজস্বীর
অন্য দিকে, দলীয় কর্মীদের এই বিক্ষোভকে পূর্ণ সমর্থন জানিয়ে পাল্টা আক্রমণে নেমেছেন আরজেডি সাংসদ সুধাকর সিংহ এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রবিবার সুধাকর সিংহ দাবি করেন, প্রায় ১৮ মাস আগেই নির্বাচনের পূর্বে এই সেতুটির উদ্বোধন হয়ে গিয়েছিল।
শুধুমাত্র সেতুর নাম বদলানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে একটি ‘ভুয়ো’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর বিস্ফোরক অভিযোগ, তেজস্বী যাদবের দূরদর্শিতাতেই এই সেতু তৈরি হয়েছিল, অথচ নীতীশ কুমারের ছেলেকে ধাক্কাধাক্কি করে অপমান করার জেরেই নীতীশ কুমার নিজে এই অনুষ্ঠানে আসেননি।
পাশাপাশি, দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংহের পরিবর্তে নীতীশ কুমারের নামে সেতুটির নামকরণ করা নিয়েও তীব্র বিতর্ক দানা বেঁধেছে। তেজস্বী যাদবের দাবি, তখত শ্রী পাটনা সাহিবের নিকটবর্তী এই সেতুটি গুরু গোবিন্দ সিংহের নামে করার জন্য তিনি আগেই বিহার বিধানসভায় প্রস্তাব এনেছিলেন এবং সরকার তা মেনেও নিয়েছিল।
এখন রাজনৈতিক স্বার্থে সেই সিদ্ধান্ত বদলে নীতীশ কুমারের রাজনৈতিক উত্তরাধিকারকে ‘জীবন্ত কবর’ দেওয়ার চেষ্টা চলছে বলে কটাক্ষ করেন তিনি। সেতু নির্মাণে কেন্দ্র বা বিজেপি এক পয়সাও দিয়েছে কি না, তা প্রমাণ করার চ্যালেঞ্জও ছুড়ে দেন তেজস্বী।
সেতুর নামকরণ ঘিরে বিতর্কের আঁচ পৌঁছেছে সুদূর পঞ্জাবেও। পঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের মন্ত্রী হরপাল সিংহ চিমা, বিধানসভার অধ্যক্ষ কুলতার সিংহ সান্ধওয়ান এবং মুখপাত্র কুলদীপ সিংহ ধালিওয়াল বিহার সরকারের এই সিদ্ধান্তকে শিখ ভাবাবেগের চরম অপমান বলে আখ্যা দিয়েছেন। তাঁদের দাবি, নীতীশ কুমারকে সম্মান জানানোর অন্য বহু উপায় থাকলেও গুরু গোবিন্দ সিংহের নাম বাদ দেওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, প্রায় ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘এক্সট্রাডোজ়ড কেবল-স্টেড’ এই নীতীশ সেতুটি কাচ্চি দরগা এবং বিদুপূরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করেছে। এর ফলে উত্তর ও দক্ষিণ বিহারের যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে এবং ঐতিহাসিক মহাত্মা গান্ধী সেতুর উপর যানজটের চাপ অনেকটাই কমবে বলে আশা প্রশাসনের। তবে উন্নয়নের সেই বার্তাকে ছাপিয়ে আপাতত পোস্টার ছেঁড়া এবং নামকরণের রাজনীতিতেই সরগরম বিহার।
Leave a comment