কলকাতা: শহরজুড়ে এখন শীতের হালকা আমেজ। ভোরবেলা এবং রাতের দিকে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ফলে আলমারির এক কোণে তুলে রাখা শীতের পোশাকগুলি ধীরে ধীরে নের করার সময় এসে গিয়েছে। তবে শীত এসেছে বলেই যে ফ্যাশনের সঙ্গে আপস করতে হবে, এমনটা নয়। বরং সামান্য পরিকল্পনাতেই শীতের সাধারণ পোশাকেও নজরকাড়া লুক তৈরি করে ফেলতে পারেন আপনিও। অফিস, ঘোরাঘুরি থেকে শুরু করে বিয়েবাড়ি কিংবা সন্ধ্যার পার্টি, সব জায়গার জন্যই ওয়ার্ড্রোবে রাখুন কয়েকটি বিশেষ পোশাক।
১. ফ্রন্ট ওপেন ব্লেজার: কলকাতার হালকা শীতে বেছে নিতে পারেন ফ্রন্ট ওপেন ব্লেজার। ফর্মাল ট্রাউজার্সের সঙ্গে এই ব্লেজার পরলে স্মার্ট অফিস লুক তৈরি হবে। ভিতরে ভি-নেক বা গোল গলার স্লিভলেস টপ কিংবা সোয়েটার পরতে পারেন। সাজ সম্পূর্ণ করুন পায়ে রাখুন হিল বা লোফার দিয়ে।
২. হাঁটু পর্যন্ত লম্বা কোট: শীতের সাজে লং কোট বরাবরই ফ্যাশনেবল। হাঁটু পর্যন্ত লম্বা কোটের সঙ্গে জিনস কিংবা ফর্মাল প্যান্ট, দুটোই মানানসই। তবে খুব বেশি ঠান্ডা পড়লে ভিতরে গরম পোশাক পরবেন। পায়ে রাখুন বুটস, স্টিলেটো কিংবা ফ্ল্যাট জুতো।
৩. চেকস টেলার্ড জ্যাকেট: শীতের ওয়ার্ড্রোবে একটি চেকস জ্যাকেটের মাধ্যমে নানা ধরনের সাজ তৈরি করা যায়। স্ট্রেট কাট প্যান্টের সঙ্গে পরতে পারেন। আবার সাধারণ ডেনিমের সঙ্গেও এই জ্যাকেট বেশ ভালো লাগে।
৪. ফ্লোরাল ক্রেপ জ্যাকেট: শীতকালে বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে কী পরবেন, তা নিয়ে চিন্তা থাকে অনেকেরই। সেই সমস্যা মেটাতে পারে ফ্লোরাল ক্রেপ জ্যাকেট। শাড়ির সঙ্গে এই জ্যাকেট পরলে সাজ হবে নজরকাড়া।
৫. নিট পুলওভার: শীতের ফ্যাশনে নিট পুলওভার বেশ জনপ্রিয়। জিনস, ট্রাউজার্স কিংবা শাড়ি, প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। অফিস থেকে শুরু করে সন্ধ্যার অনুষ্ঠানেও এটি পরতে পারেন।
আরও পড়ুন: পুরনো সোয়েটারে গুচ্ছ গুচ্ছ রোয়া? ৫ মিনিটেই করুন নতুনের মতো!
৬. সেলফ ডিজাইন শ্রাগ: হালকা শীতে ভারী জ্যাকেট পরতে না চাইলে তালিকায় রাখতে পারেন শ্রাগ। কুর্তি, টপ কিংবা শাড়ির উপরেও পরতে পারেন এই পোশাক। ফলে একই পোশাকে একঘেয়েমি আসবে না।
৭. কাশ্মীরি শাল: শীতের সাজে ঐতিহ্য আর আভিজাত্যের ছোঁয়া আনতে কাশ্মীরি শাল বরাবরই । সাধারণ শাড়ির সঙ্গে গায়ে রাখতে পারেন একটি সুন্দর নকশার কাশ্মীরি শাল। বিয়েবাড়ি কিংবা পারিবারিক অনুষ্ঠানে এই শীতপোশাক হতে পারে আপনার ভরসা।
৮. উলেন স্কার্ফ: জ্যাকেট কিংবা সোয়েটারের সঙ্গে উলেন স্কার্ফ পরলে সাজে আসে আলাদা মাত্রা। জিনস, ফর্মাল প্যান্ট কিংবা শাড়ি, সব কিছুর সঙ্গেই এটি চলে যায়। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে স্কার্ফ বেছে নিন।
৯. উইন্টার সেমি-শিয়ার টাইটস: শীতের পার্টিতে মিনি স্কার্ট পরার ইচ্ছে থাকলেও ঠান্ডার কথা ভেবে পিছিয়ে যান? তা হলে বেছে নিতে পারেন উইন্টার সেমি-শিয়ার টাইটস। স্কার্টের সঙ্গে এটি পরলে সাজ হবে ফ্যাশনেবল। অন্যদিকে ঠাণ্ডাও কম লাগবে।
১০. উলের কুর্তি ও প্যান্ট: যাঁরা শীতেও ভারতীয় পোশাক পরতে পছন্দ করেন, তাঁদের জন্য উলের কুর্তি ও প্যান্ট বেশ ভালো বিকল্প। এই পোশাকে যেমন স্বচ্ছন্দে অফিসে যাওয়া যায়, তেমনই বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোলেও অস্বস্তি হবে না।
Leave a comment