কলকাতা: শীতের আমেজ তো চলেই এল। ভোরের দিকে ঠাণ্ডা বাতাস, তারপর রোদ উঠলেই গরমের অনুভুতি, আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ফের হিমেল পরশ। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় এবার আলমারি থেকে বেরিয়ে পড়েছে শীতের পোশাক। কিন্তু গত বছরের সাধের সোয়েটার বের করে যদি দেখেন সেটির অবস্থা খারাপ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। গায়ে ছোট ছোট রোয়া, কোথাও আবার উলের সুতো জট পাকিয়ে তৈরি হয়েছে গুটি। ফলে মাত্র এক বছরের পুরনো জিনিস দেখে লাগছে বহু পুরনো।
পুরনো সোয়েটার পছন্দের হলেও তার হাল বেহাল হয়ে গেলে আর পরতে ইচ্ছে করে না। চলে যায় বাতিলের খাতায়। কিন্তু নতুন সোয়েটার কেনার আগে একবার ঘরোয়া কয়েকটি কৌশল চেষ্টা করে দেখতে পারেন। হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া জিনিস দিয়েই অনেকটা পরিষ্কার করে নেওয়া যায় প্রিয় শীতের পোশাক।
রেজার ও সেলোটেপের কৌশল
সোয়েটারের গায়ে জমে থাকা ছোট ছোট রোয়া সরাতে কাজে লাগাতে পারেন সাধারণ রেজার। প্রথমে পোশাকটি সমান জায়গায় বিছিয়ে নিন। তারপর খুব তাড়াহুড়ো না করে, কোনও রকম চাপ না দিয়ে একদিকে রেজার চালান। এতে আলগাভাবে থাকা রোয়াগুলি উঠে আসতে পারে। এরপর সোয়েটারের গায়ে লেগে থাকা ছোট আঁশ সরাতে ব্যবহার করতে পারেন চওড়া সেলোটেপ। আঙুলে আঠালো দিকটি বাইরে রেখে টেপ জড়িয়ে পোশাকের ওপর আলতো চাপ দিলেই আলগা রোয়া উঠে আসবে।
আরও পড়ুন: সর্দি-কাশি থেকে অতিরিক্ত ঘাম! আবহাওয়ার ভোলবদলে শরীরের হাল বেহাল?
সোয়েটার চিরুনি বা ফ্যাব্রিক শেভার
রেজার ব্যবহার করার ভয় থাকলে বেছে নিতে পারেন সোয়েটার চিরুনি কিংবা ফ্যাব্রিক শেভার। বিশেষভাবে পোশাকের গায়ে জমে থাকা রোয়া পরিষ্কার করার জন্য এগুলি তৈরি করা হয়েছে। পোশাকের ধরন বুঝে ব্যবহার করলে উলের ক্ষতি হওয়ার আশঙ্কাও কম থাকে। তবে মোটা উলের সোয়েটারে পিউমিস স্টোন ব্যবহার করার আগে সতর্ক থাকুন। খুব হালকা হাতে একদিকে ঘষতে হবে।
সোয়েটার কাচার সময় বিশেষ সতর্কতা
সাময়িকভাবে শুধু রোয়া পরিষ্কার করলেই হবে না। ভবিষ্যতে যাতে সহজে রোয়া না ওঠে, তার জন্য সোয়েটার কাচার নিয়মেও বদল আনতে হবে। উলের পোশাক সাধারণ গুঁড়ো সাবান দিয়ে কাচবেন না। উলের জন্য উপযুক্ত মৃদু লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। ঠান্ডা জলে পোশাকটি উল্টো করে নিয়ে আলতো হাতে পরিষ্কার করুন। কাচার পর জোরে নিংড়ে ফেলবেন না। আবার কড়া রোদে শুকোতে দেবেন না। বরং একটি শুকনো তোয়ালের ওপর সমান করে বিছিয়ে ভালো করে শুকিয়ে নিন।
Leave a comment