মুম্বই: নব্বইয়ের দশকের শৈশব ও কৈশোরের সেই চেনা কমলালেবুর স্বাদ এবং ‘দ্য জ়িং থিং’ (The Zing Thing)-এর নস্টালজিয়া এ বার নতুন মোড়কে ফিরতে চলেছে ভারতের বাজারে। দীর্ঘ ২৬ বছর পর ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় কমলা পানীয় ‘গোল্ড স্পট’ (Gold Spot)-কে ফের বাজারে ফিরিয়ে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বহুজাতিক পানীয় সংস্থা কোকা-কোলা (Coca-Cola)।
শিল্প মহল ও বাণিজ্যিক সংবাদমাধ্যম সূত্রে খবর, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে এই প্রত্যাবর্তনের ঘোষণা করতে চলেছে সংস্থাটি। তবে এ বার আর চিরাচরিত চিনি-ভরা পানীয় হিসেবে নয়, বরং বর্তমান প্রজন্মের স্বাস্থ্যসচেতনতা এবং কম চিনিযুক্ত পানীয়ের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ‘লো-সুগার’ (কম চিনি) এবং ‘নো-সুগার’ (চিনিবিহীন) ফর্মুলেশনে বাজারে আসছে নতুন গোল্ড স্পট।
গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী ধোনির হাতে গোল্ড স্পটের ক্যান ধরা বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই এই প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। যদিও ব্র্যান্ডটির প্রচারের মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ধোনিকে চুক্তিবদ্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে নস্টালজিয়ার আবেগ যে বাজারে দারুণ সাড়া ফেলেছে, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, ১৯৫২ সালে ভারতের প্যাকেটজাত কোমল পানীয়ের বাজার যখন সবে দানা বাঁধছে, তখন পার্লে (Parle) গোষ্ঠীর হাত ধরে জন্ম হয়েছিল গোল্ড স্পটের। স্বতন্ত্র কমলালেবুর স্বাদ এবং ‘লিভা লিটল হট, সিপ্পা গোল্ড স্পট’ বা ‘জ়িং থিং’-এর মতো আকর্ষণীয় বিজ্ঞাপনী স্লোগান তরুণ প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল।
পরবর্তী কালে পার্লে-র ঝুলিতে একে একে যুক্ত হয় লিমকা (১৯৭১), মাজা (১৯৭৪) এবং থামস আপ (১৯৭৮)। ১৯৭৭ সালে ভারত সরকারের নীতির সঙ্গে মতবিরোধের জেরে কোকা-কোলা ভারত ছাড়লে দেশীয় বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল পার্লে-র এই ব্র্যান্ডগুলি।
আরও পড়ুন : তাদের জলে ক্যানসারের কোনও উপাদান নেই, পাল্টা বিবৃতিতে দাবি বিসলারির
১৯৯৩ সালে কোকা-কোলা ফের ভারতের বাজারে ফিরে এলে পার্লে-র কাছ থেকে থামস আপ, লিমকা, মাজা, রিমঝিম এবং সিট্রার পাশাপাশি গোল্ড স্পট-কেও কিনে নেয়। কিন্তু কমলালেবু স্বাদের পানীয়ের বাজারে নিজেদের আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ফান্টা’ (Fanta)-কে একচ্ছত্র জায়গা করে দিতে ২০০০ সালে গোল্ড স্পট উৎপাদন বন্ধ করে দেয় কোকা-কোলা। থামস আপ বা লিমকা টিকে গেলেও বিস্মৃতির অতলে তলিয়ে যায় গোল্ড স্পট।
কিন্তু ২৬ বছর পর হঠাৎ কেন এই পুরনো ব্র্যান্ডকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিল কোকা-কোলা? বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতের কোমল পানীয়ের বাজারে এত দিন কোকা-কোলা এবং পেপসিকো-র যে একাধিপত্য ছিল, তাতে বড়সড় থাবা বসিয়েছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স কনজ়িউমার প্রোডাক্টসের ‘ক্যাম্পা’ (Campa) এবং আঞ্চলিক ব্র্যান্ড ‘লাহোরি জিরা’।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ছোট ও দেশীয় ব্র্যান্ডগুলির সম্মিলিত বাজার দখল ৭ শতাংশ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ১৫ শতাংশে পৌঁছেছে; অন্য দিকে, কোকা-কোলা ও পেপসিকোর যৌথ অংশীদারি ৯৩ শতাংশ থেকে কমে ৮৫ শতাংশে নেমে এসেছে।
এমনকী ২০২৬ অর্থবর্ষে ৪,৭০০ কোটি টাকার বেশি বিক্রির সুবাদে দেশের চতুর্থ বৃহত্তম কোমল পানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে ক্যাম্পা। এর পাশাপাশি আইটিসি (ITC)-ও ৬০ টাকা দামের সুগার-ফ্রি ‘কোকোনাট কোলা’ এনে প্রতিযোগিতা বাড়িয়েছে।
অন্য দিকে, ভারতে জ়িরো বা লো-সুগার পানীয়ের বাজার ২০২০ সালের ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে এবং ২০২৬-এ তা আরও ঊর্ধ্বমুখী। ফলে ক্যাম্পা-র মতো দেশীয় ব্র্যান্ডের আগ্রাসন রুখতে এবং স্বাস্থ্যসচেতন ক্রেতাদের মন জয় করতেই ২৬ বছরের পুরনো ‘গোল্ড স্পট’-এর নস্টালজিয়াকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চলেছে কোকা-কোলা।
Leave a comment