•
Home Top-News বিজয় দিবসেই বাংলাদেশে! ঢাকার থেকে সরকারি বিমানের দাবি হাসিনার
Top-Newsদেশবিশ্ব

বিজয় দিবসেই বাংলাদেশে! ঢাকার থেকে সরকারি বিমানের দাবি হাসিনার

Share
ছবি: উইকিপিডিয়া
Share

ঢাকা ও নয়াদিল্লি: দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত থাকার পর অবশেষে নিজের দেশে ফেরার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের মহান বিজয় দিবসেই তিনি ঢাকায় ফিরতে চান বলে মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি। 

২০২৪ সালের ৫ অগস্ট গণ-অভ্যুত্থানের জেরে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছাড়ার পর এই প্রথম বার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট তারিখ জানালেন আওয়ামি লিগ নেত্রী। শুধু তা-ই নয়, দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর একটি বিশেষ বিমানের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তিনি। 

অন্য দিকে, হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও আইনি উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ঢাকা প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখামাত্রই তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে।

মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি বলেন, “২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশেরই একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তাঁর বিমান পরিবহণের ব্যবস্থা করা হোক।” 

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবিধান লঙ্ঘন করে যে পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার পথ সুগম করা বর্তমান সরকারেরই দায়িত্ব।

আরও পড়ুন : লাশের রাজনীতি করছেন হাসিনা! অভিযোগ পুলিশের, বেনাপোলে আওয়ামি নেতারা

উল্লেখ্য, ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পরই শেখ হাসিনার পাসপোর্ট ও সমস্ত ভ্রমণ নথি বাতিল করে দিয়েছিল ঢাকা। চলতি মাসের শুরুতে লন্ডন-ভিত্তিক আইনি সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর জন্য আবেদন করেন হাসিনা। 

কিন্তু বাংলাদেশ সরকার সেই আবেদনের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে নতুন নথি দিতে অস্বীকার করেছে। ঢাকার স্পষ্ট অবস্থান, ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির (এক্সট্র্যাডিশন ট্রিটি) মাধ্যমেই দণ্ডিত আসামি হিসেবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় তারা। ইতিমধ্যেই ভারতের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে এবং নয়াদিল্লি জানিয়েছে যে, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পাল্টা হিসেবে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। দেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে জানিয়েছেন, বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনও সরকারি আলোচনাই হয়নি। 

তাঁর হুঁশিয়ারি, “শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাঁকে গ্রেফতার করা হবে এবং জেলে নিয়ে যাওয়া হবে। আইন নিজের পথে চলবে। আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তিকে সম্মান জানিয়ে এক জন দণ্ডিত অপরাধী হিসেবে তাঁকে আমাদের হাতে তুলে দিক।”

প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের অগস্টের গণ-আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। যদিও নির্বাসন থেকেই সেই রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করেছেন হাসিনা।

এদিকে, বাংলাদেশে আওয়ামি লিগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও হাসিনার প্রত্যাবর্তনের খবরে দেশ জুড়ে নতুন করে অস্থিরতা ও হিংসা ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ১৯ নভেম্বর দেশ জুড়ে অবরোধের পর এ বার আগামী ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে আওয়ামি লিগ। 

দেশের বিভিন্ন জেলায় বোমাবাজি, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনার জেরে মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তাবাহিনী। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সত্যিই শেখ হাসিনা ঢাকায় পা রাখেন কি না, এখন সে দিকেই তাকিয়ে গোটা দক্ষিণ এশিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *