কলকাতা: টালার জলের পাইপলাইন বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এ বার বড়সড় বিপত্তি ঘটল দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশন শিয়ালদহে। শিয়ালদহ দক্ষিণ শাখায় স্টেশন চত্বর থেকে বেরোনোর ঠিক মুখেই রেললাইনের নীচে থাকা একটি বহু পুরনো নিকাশি নালায় ধস নেমে বসে গেল রেলট্র্যাকের একাংশ।
ধসের তীব্রতায় রেললাইনের নীচে থাকা জলের পাইপলাইনও ফেটে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশের লাইন পুরোপুরি অচল হয়ে পড়েছে। সোমবার রাত থেকে বিষয়টি নজরে আসতেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেন রেলকর্মীরা।
কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ধসের অংশ আরও কিছুটা বসে যাওয়ায় ব্যস্ত অফিস টাইমে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত লাইনটি মেন লাইন নয়, একটি ‘লুপ লাইন’ হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে বড় কোনও প্রভাব পড়েনি। এলাকাটি কলকাতা পুরসভার অন্তর্গত হওয়ায় রেল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি পুরসভার কর্মীরাও যৌথ ভাবে সংস্কারের কাজে হাত লাগিয়েছেন।
রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখার দিকে কিছুটা এগোলেই রেললাইনের নীচ দিয়ে একটি অত্যন্ত প্রাচীন নিকাশি নালা গিয়েছে। স্থানীয়দের দাবি, গত রবিবার ওই নিকাশি নালাটিতে প্রথম বার ধস নেমেছিল।
আরও পড়ুন : কালীঘাট থানায় মমতাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ঋতব্রতর
কিন্তু সেই সময় দ্রুত মেরামতির কাজে হাত না দেওয়ায় গত দু’দিনে মাটি আলগা হয়ে ধসের পরিধি আরও বাড়তে থাকে। সোমবার রাতে বিষয়টি বড় আকার নিলে রেললাইনের নীচে থাকা জলের পাইপলাইন ফেটে জল বেরোতে শুরু করে এবং তার জেরে উপরের রেললাইনের একাংশ বসে যায়।
সোমবার রাত থেকেই রেলকর্মী ও ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেন। কিন্তু মঙ্গলবার সকালে অফিসের ব্যস্ত সময়ে ধস আরও কিছুটা বাড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলের ঠিক আগে পরপর তিনটি লোকাল ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়।
এর ফলে দক্ষিণ শাখার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে, এ বার হয়তো ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। উল্লেখ্য, ভোর থেকে গভীর রাত পর্যন্ত শিয়ালদহের এই দক্ষিণ শাখায় লক্ষ লক্ষ নিত্যযাত্রী যাতায়াত করেন।
তবে কিছুক্ষণের মধ্যেই রেলের আধিকারিকেরা পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে অংশে ধস নেমেছে সেটি মূল লাইন বা মেন লাইন নয়, বরং একটি লুপ লাইন। ফলে মেন লাইন দিয়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটছে না।
বিশেষজ্ঞদের মতে, ব্রিটিশ আমলের বা বহু দশকের পুরনো এই নিকাশি নালাগুলির দীর্ঘকাল যথাযথ সংস্কার না হওয়ার ফলেই মাটি ধসে এই বিপত্তি ঘটেছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ দফতরের কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে রেলের ইঞ্জিনিয়ারেরা ভাঙা পাইপ সারাই এবং ধসে যাওয়া অংশ ভরাট করে লাইনটিকে ফের সচল করার কাজ চালাচ্ছেন।
তবে ঠিক কতক্ষণের মধ্যে মেরামতির কাজ সম্পূর্ণ হবে এবং লুপ লাইনটি পুনরায় ব্যবহারযোগ্য হয়ে উঠবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।
Leave a comment