•
Home কলকাতা শহরের গতিতে লাগাম টানতে নয়া দাওয়াই পুলিশের
কলকাতা

শহরের গতিতে লাগাম টানতে নয়া দাওয়াই পুলিশের

Share
ধর্মতলায় পথ নিরাপত্তায় পুলিশ। নিজস্ব ছবি
Share

কলকাতা: শহরের রাজপথে বেপরোয়া গতি ও অসতর্কতার জেরে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনায় লাগাম টানতে এ বার আরও সক্রিয় হল কলকাতা পুলিশ। শুধু চালক ও আরোহীর মাথায় হেলমেট পরাই নয়, বাইক বা স্কুটি চালানোর সময় সাধারণ চটি বা খোলা স্লিপারের বদলে পায়ে উপযুক্ত জুতো পরার উপরেও বিশেষ জোর দিল লালবাজার। 

বুধবার ধর্মতলার ব্যস্ত মোড়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে এক বিশেষ সচেতনতা শিবির ও হেলমেট বিতরণ কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (ট্রাফিক) ভোলানাথ পাণ্ডে-সহ পদস্থ কর্তারা। লালবাজার সূত্রে জানানো হয়েছে, বুধবার থেকে শুরু হওয়া এই বিশেষ পথ-নিরাপত্তা অভিযান টানা তিন দিন ধরে শহরের প্রতিটি ট্রাফিক গার্ড এলাকায় চলবে।

এ দিন ধর্মতলার কর্মসূচি থেকে শহরবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন যুগ্ম নগরপাল (ট্রাফিক) ভোলানাথ পাণ্ডে। তাঁর পর্যবেক্ষণ, শহরের বহু মানুষের মধ্যেই একটি ভ্রান্ত ধারণা কাজ করে যে, ভারী মোটরবাইকের তুলনায় স্কুটি চালানো বোধহয় কম ঝুঁকিপূর্ণ। 

এই ধারণা যে কতটা বিপজ্জনক, তা মনে করিয়ে দিয়ে পাণ্ডে স্পষ্ট জানান, “যেকোনো টু-হুইলার বা দু’চাকার যানের ক্ষেত্রেই দুর্ঘটনার ঝুঁকি সমান। দুর্ঘটনা ঘটলে সবচেয়ে আগে মাথায় গুরুতর আঘাত লাগার সম্ভাবনা থাকে। তাই চালক এবং পিলিয়ন রাইডার উভয়েরই ভাল মানের হেলমেট পরা বাধ্যতামূলক।”

আরও পডু়ন : বাজারে ইবি! ৭২ ঘণ্টার মধ্যে দাম না কমলে কড়া পদক্ষেপ

তবে এ দিনের কর্মসূচিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল জুতো পরা নিয়ে কলকাতা পুলিশের বিশেষ সতর্কবার্তা। প্রায়শই দেখা যায়, স্বল্প দূরত্বের কথা ভেবে অনেকেই সাধারণ চটি বা ওপেন-ফ্ল্যাপ স্লিপার পরেই বাইক বা স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। 

ভোলানাথ পাণ্ডে জানান, চটি পরে দু’চাকার গাড়ি চালালে ব্রেক কষা বা গিয়ার পরিবর্তনের সময় পা পিছলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তদুপরি, কোনও কারণে দুর্ঘটনা ঘটলে পায়ের পাতা ও গোড়ালিতে গুরুতর চোট লাগা এমনকি হাড় ভেঙে যাওয়ার মতো ঘটনা আকছার ঘটছে। সেই কারণেই দুর্ঘটনায় অঙ্গহানি বা বড়সড় জখম এড়াতে বাইক-স্কুটি চালানোর সময় সর্বদা ঢাকা জুতো বা উপযুক্ত জুতো পরার পরামর্শ দিয়েছেন তিনি।

এ বারের তিন দিনব্যাপী অভিযানে মূলত মহিলা স্কুটি চালক, পিলিয়ন রাইডার এবং অভিভাবকদের সঙ্গে থাকা শিশুদের নিরাপত্তার উপরেই বাড়তি নজর দিচ্ছে ট্রাফিক পুলিশ। এ দিন ধর্মতলার রাস্তায় যে সমস্ত অভিভাবক শিশুদের নিয়ে বাইক বা স্কুটিতে যাতায়াত করছিলেন, তাঁদের দাঁড় করিয়ে শিশুদের মাথায় উপযুক্ত মাপের হেলমেট পরানোর প্রয়োজনীয়তা বোঝান পুলিশ আধিকারিকেরা।

যুগ্ম নগরপাল মনে করিয়ে দেন, প্রতিদিন যাঁরা জীবিকার তাগিদে কর্মস্থলে কিংবা পড়াশোনার জন্য স্কুল-কলেজে যাচ্ছেন, তাঁদের নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গোনেন পরিবারের সদস্যেরা। তাই নিছক পুলিশের জরিমানার ভয়ে নয়, বরং নিজের প্রাণ এবং পরিবারের কথা ভেবেই প্রত্যেকের ট্রাফিক আইন মেনে চলা উচিত। সচেতনতা প্রসারের মাধ্যমেই তিলোত্তমাকে সম্পূর্ণ দুর্ঘটনামুক্ত শহর হিসেবে গড়ে তোলাই এখন লালবাজারের প্রধান লক্ষ্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *