লখনউ: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার জটে কেবল বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরই নয়, তীব্র চাপে পড়ে গিয়েছে শাসকদল বিজেপিও!
এনডিএ-র চার প্রধান আঞ্চলিক শরিক নিষাদ পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি), আপনা দল (সোনেলাল) এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) প্রত্যেকেই গত বারের তুলনায় অনেক বেশি আসনের দাবিতে অনড়।
শরিকদের এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গেলে দলের নিজস্ব নেতা এবং বর্তমান বিধায়কদের (সিটিং এমএলএ) টিকিট কাটা পড়তে পারে, যা নিয়ে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির। এই জটিল সমীকরণ মেলাতেই লখনউয়ে বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে আসন বণ্টন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দলীয় সূত্রে খবর, শরিকদের আসন সংখ্যা বাড়ানোর দাবি মেনে নিতে গিয়ে যাতে দলের অন্দরে বিদ্রোহ না বাধে, সে জন্য শরিক দলগুলির প্রার্থীদের বিজেপির ‘পদ্ম’ প্রতীকেই লড়াই করানোর বিকল্প ফর্মুলা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে শীর্ষ নেতৃত্ব।
ইতিমধ্যেই দিল্লিতে এবং লখনউয়ে দরবার শুরু করে দিয়েছেন জোটসঙ্গীরা। নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে নিজেদের দাবি পেশ করেছেন। অন্য দিকে, দুই ছেলেকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেছেন এসবিএসপি প্রধান ওমপ্রকাশ রাজভর এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আলোচনার সময় চেয়েছেন তিনি।
পাশাপাশি, এনডিএ-তে নিজেদের প্রাপ্য আসন বাড়ানোর দাবি জোরালো করেছেন আপনা দল (এস)-এর নেত্রী অনুপ্রিয়া পটেল এবং আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীও। এর উপর চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র আসন দাবি বিজেপির অঙ্ককে আরও জটিল করে তুলেছে।
আরও পড়ুন : কংগ্রেসের সঙ্গে আলোচনার মাঝেই উত্তরপ্রদেশে প্রার্থী ঘোষণা অখিলেশের
২০২২ সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানকে হাতিয়ার করেই এ বার দর কষাকষিতে নেমেছে শরিক দলগুলি। গত নির্বাচনে ৪০৩ আসনের মধ্যে বিজেপি একাই লড়েছিল ৩৭৬টিতে। জোটসঙ্গীদের মধ্যে আপনা দল (এস)-কে দেওয়া হয়েছিল ১৭টি আসন, যার মধ্যে ১২টি জিতে ৭০ শতাংশ স্ট্রাইক রেট রেখেছিল তারা।
নিষাদ পার্টি ১০টি আসনে লড়ে জিতেছিল ৬টিতে (স্ট্রাইক রেট ৬০ শতাংশ)। অন্য দিকে, সেই সময় সমাজবাদী পার্টির সঙ্গে জোটে থাকা আরএলডি ৩৩টি আসনে লড়ে ৮টি (২৪ শতাংশ) এবং এসবিএসপি ১৯টি আসনে লড়ে ৬টি (৩২ শতাংশ) আসনে জয়ী হয়েছিল। এ বার এনডিএ-র ছাতার তলায় এসে পূর্বের সেই আসন সংখ্যার নিরিখেই বড় ভাগ চাইছে জয়ন্ত ও রাজভরের দল।
আসন সংখ্যার পাশাপাশি সংরক্ষণের দাবি এবং নির্দিষ্ট কিছু আসন নিয়ে শরিকদের নিজেদের মধ্যে টানাপোড়েনও বিজেপির মাথাব্যথা বাড়িয়েছে। সঞ্জয় নিষাদ ইতিমধ্যেই নিষাদ সম্প্রদায়ের সংরক্ষণের দাবিতে সরব হয়ে দাবি না মানলে ‘অন্য বিকল্প’ খোঁজার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণের দাবিতে চাপ বাড়াচ্ছেন রাজভরও। তদুপরি, আজমগড়ের আত্রাউলিয়া ও দিদারগঞ্জ এবং জৌনপুরের শাহগঞ্জ আসন নিয়ে নিষাদ পার্টি ও এসবিএসপি দু’পক্ষই দাবি ঠুকে বসেছে।
যদিও জোটের অন্দরে কোনও টানাপোড়েনের কথা মানতে নারাজ উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী। তাঁর দাবি, সমস্ত শরিক দলের সঙ্গেই অত্যন্ত সম্মানজনক পরিবেশে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই সকলের কাছে গ্রহণযোগ্য একটি রফাসূত্র বেরিয়ে আসবে।
কিন্তু রাজনৈতিক মহলের মতে, শরিকদের উচ্চাকাঙ্ক্ষা এবং দলের নিজস্ব বিধায়কদের ক্ষোভ এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন যোগী ও বিজেপি নেতৃত্বের সামনে সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা।
Leave a comment