•
Home Top-News পশ্চিমের জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি, জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কায় ফের বদলাতে পারে আবহাওয়া?
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

পশ্চিমের জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি, জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কায় ফের বদলাতে পারে আবহাওয়া?

Share
পারদ পতনে শীতের আমেজ
Share

কলকাতা: টানা বৃষ্টির পর্ব কাটিয়ে গত কয়েকদিনে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। সকাল এবং রাতে কলকাতা সহ বিভিন্ন এলাকায় শীতের শিরশিরানি বেশ স্পষ্টভাবেই অনুভূত হচ্ছে। মহানগরীর তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রির ঘরে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলোতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কিন্তু এই শীতের আমেজের মাঝেই নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে আবহাওয়ার পূর্বাভাস। আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটির অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। এর মাঝেই দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে আরেকটি ঘূর্ণাবর্ত। তবে রাজ্যে বইছে উত্তুরে হাওয়া, যার প্রভাবেই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। রাজ্যজুড়ে এখন শীতের আমেজ বিরাজ করছে। পশ্চিমের জেলাগুলোতে পারদ ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দু’দিন রাজ্যে তাপমাত্রা মোটামুটি একইরকম থাকবে, যদিও কোনও কোনও জায়গায় সামান্য বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: দিল্লির অন্দরে তুঙ্গে রাজনৈতিক পারদ, সংসদের বিশেষ অধিবেশন ঘিরে তীব্র জল্পনা

তাপমাত্রার পতনের সঙ্গে সঙ্গে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকছে উত্তরবঙ্গের একাধিক জেলা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিংয়ে এই মুহূর্তে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রিতে, যা পাহাড়ের শীতের আবহাওয়াকে আরও মনোরম করে তুলেছে এবং পর্যটকরাও চুটিয়ে শীত উপভোগ করছেন। পাশাপাশি সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমে গেছে ৩ ডিগ্রিতে। সব মিলিয়ে, একদিকে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা, অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্ত ও বৃষ্টির সম্ভাবনা—এই দুইয়ের টানাপোড়েনেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *