কলকাতা: বাল্যবিবাহ রুখতে এবার আরও কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। নাবালক বা নাবালিকার বিয়ের অভিযোগ উঠলে কেবল পরিবারের সদস্যরাই নন, যাঁরা ওই বিয়েতে পৌরোহিত্য করবেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। বেআইনি বিয়ের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং প্রয়োজনে গ্রেফতারও করা হতে পারে। শুক্রবার অপরাধ দমন সংক্রান্ত একটি বৈঠকে প্রতিটি থানার ওসি ও লালবাজারের শীর্ষ আধিকারিকদের এই স্পষ্ট নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগে কোনও গাফিলতি বা শিথিলতা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
লালবাজার সূত্রে খবর, শহরের প্রতিটি থানার আধিকারিককে নিজ নিজ এলাকায় যাঁরা বিয়ের পৌরোহিত্য করেন, এমন সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করতে বলা হয়েছে। ওই বৈঠকে বাল্যবিবাহ নিষেধ আইনের বিভিন্ন ধারা ও আইনি পরিণতি সম্পর্কে তাঁদের বিস্তারিত জানানো হবে। নাবালক-নাবালিকার বিয়ে দিলে কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়টিও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে।
আরও পড়ুন: বাইপাসের নির্মীয়মাণ তৃণমূল ভবনে তালা! পুলিশি ব্যারিকেড ঘিরে রণক্ষেত্রের চেহারা!
অন্যদিকে, বাল্যবিবাহের প্রবণতা কমাতে শহরজুড়ে স্কুলগুলিতে বিশেষ সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। যেসব এলাকা থেকে বাল্যবিবাহের অভিযোগ বেশি আসে, সেখানে বাড়তি নজরদারি চালানো হবে। থানার বিট অফিসাররা নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে খোঁজখবর নেবেন এবং কোথাও এমন বিয়ের আয়োজন হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখবেন।
এদিনের বৈঠকে শহরে বাড়তে থাকা সাইবার প্রতারণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন লালবাজারের কর্তারা। নাগরিকদের অনলাইন জালিয়াতি সম্পর্কে সচেতন করতে আরও বেশি সংখ্যায় বিট মিটিং করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। সাইবার প্রতারণার ফাঁদ এড়ানোর উপায় জানিয়ে বিভিন্ন এলাকায় প্রচার বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি শহরে চুরি-সহ কয়েকটি অপরাধ বৃদ্ধির বিষয়ে আধিকারিকদের সতর্ক করেছেন লালবাজারের কর্তারা। অপরাধের ধরন বুঝে তা নিয়ন্ত্রণে আনার কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Leave a comment