মুম্বই: বলিউডের একের পর এক অভিনেতার কাছে পৌঁছেছে প্রাণনাশের হুমকি। সেই তালিকায় রয়েছেন সলমন খানও। বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় থাকার কারণে বাড়ি থেকে বিমানবন্দর, সর্বত্রই নিরাপত্তার কড়াকড়ি। গত কয়েক বছর ধরে এমন পরিস্থিতির মধ্যেই দিন কাটাচ্ছেন অভিনেতা। কিন্তু তার মধ্যেও অনুরাগীদের প্রতি ভালবাসা দেখাতে ভোলেননি তিনি। এবার বিমানবন্দরে এক খুদে ভক্তের আবদারে সাড়া দিয়ে মন জয় করলেন অভিনেতা। শিশুটিকে কাছে ডেকে নিলেন তিনি। তারপর হাঁটু মুড়ে বসে তার কপালে চুমু খেলেন। ভাইজানের এমন স্নেহের মুহূর্তের ভিডিয়োই এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাতে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে পৌঁছন সলমন। ‘মাতৃভূমি’ ছবির প্রচারের কাজে অন্য শহরে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ছবির সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বিমানবন্দরে অভিনেতাকে দেখতে পেয়ে এক শিশু তাঁর সঙ্গে দেখা করার আবদার জানায়। মুহূর্তের মধ্যেই কড়া নিরাপত্তার মধ্যেই তার কাছে এগিয়ে যান সলমন। খুদেকে কাছে ডেকে আদর করেন। গালে স্নেহের হাত বুলিয়ে দেন। এরপর শিশুটিকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনেও পোজ দেন তিনি। ভাইজানের সঙ্গে দেখা করতে পেরে আনন্দে আত্মহারা খুদে অনুরাগী। নেটিজেনরাও ভাইজানের এই ব্যবহারের প্রশংসা করেছেন।
আরও পড়ুন: ‘আমি খুনি না বাবুমশাই…’, নীলের মুখে বাংলা শুনে কী করলেন শাহরুখ?
উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছিল। সেই সময় কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। তারপর থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন অভিনেতা। ২০২৪ সালে বান্দ্রায় তাঁর বাড়ির বাইরে গুলি চালানো হয়। এমনকী, হুমকির মুখে পড়েছিলেন তাঁর বাবা সেলিম খানও। এরপর থেকেই ওয়াই প্লাস নিরাপত্তা পান সলমন। সম্প্রতি তাঁর বান্দ্রার অ্যাপার্টমেন্টের আশপাশে রেইকি চালানোর অভিযোগও প্রকাশ্যে এসেছিল।
অন্যদিকে, নিজের নতুন ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘মাতৃভূমি’। ছবিটি মূলত ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি কড়া হয়েছে। প্রথমে নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। পরে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি’। ছবির ট্রেলার ও গান দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শক।
Leave a comment