•
Home পশ্চিমবঙ্গ এবার জুড়ে যাবে নবদ্বীপ-মায়াপুর! তৈরি হচ্ছে স্থায়ী ব্রিজ, শুরু জোর তৎপরতা!
পশ্চিমবঙ্গ

এবার জুড়ে যাবে নবদ্বীপ-মায়াপুর! তৈরি হচ্ছে স্থায়ী ব্রিজ, শুরু জোর তৎপরতা!

Share
হিডেন স্টোরিজ নিউজ
এবার জুড়ে যাবে নবদ্বীপ-মায়াপুর
Share

নবদ্বীপ: দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে নবদ্বীপ ও মায়াপুরবাসীর। কয়েকদিন আগেই নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনে এসে নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার পরপরই এবার শুরু হয়ে গেল প্রশাসনিক তৎপরতা। প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্য অবস্থান এবং প্রাথমিক দিকগুলি খতিয়ে দেখতে রবিবারই নবদ্বীপ সফরে যাচ্ছেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় এবং পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি-সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তারা গোটা এলাকা সরজমিনে পরিদর্শন করবেন। কেবল সেতু নির্মাণের স্থান নির্ধারণই নয়, নদীর পরিস্থিতি, নদীভাঙন, জলপথ ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন পরিকাঠামোর সার্বিক উন্নয়নের মতো বিষয়গুলিও তাঁদের পর্যালোচনায় উঠে আসবে। কোন এলাকা দিয়ে সেতু নির্মাণ করা সবচেয়ে সুবিধাজনক হবে এবং প্রয়োজনীয় পরিকাঠামো কতটা রয়েছে, সে বিষয়ে প্রাথমিক সমীক্ষা চালানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এবার ছুটবে পাহাড়ের কোল ঘেঁষে? ৬.৫৯ কিমি টানেলে বড় সাফল্য রেলের..

স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, স্থায়ী সেতু তৈরি হতে যতদিন সময় লাগবে, ততদিন যাতায়াতের জন্য আধুনিক ও সুসজ্জিত লঞ্চ পরিষেবা চালু করা হবে। পাশাপাশি বিভিন্ন ফেরিঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেগুলি দ্রুত সংস্কার করে পর্যটকবান্ধব করে তোলার নির্দেশ দেন তিনি। প্রথম পর্যায়ের উন্নয়নমূলক কাজের জন্য দুই কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই উচ্চপদস্থ আধিকারিকরা নবদ্বীপে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন। অন্যদিকে এই দ্রুত প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নদিয়া দক্ষিণের বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী। তাঁর মতে, উন্নয়নের প্রত্যাশায় মানুষ পরিবর্তন চেয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরই কাজ বাস্তবায়নে প্রশাসনের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবদ্বীপ ও মায়াপুরকে আরও আকর্ষণীয় তীর্থ ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলে মনে করছে স্থানীয় মহল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *