অমিত শাহ তাঁকে দলের কাজে 'অ্যাক্টিভ' হওয়ার নির্দেশ দিতেই পুরোনো ফর্মে ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বাংলায় সাম্প্রতিকতম শাহী সফর চলাকলীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই সংবাদমাধ্যমের সামনে 'স্বমহিমায় দেখা দিয়েছিলেন' দিলীপ ঘোষ। আর, সোমবার তাঁকে দেখা গেল মাতৃ আরাধনায়। এদিন পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ে মা মহামায়ার মন্দিরে পুজো দেন দিলীপ।
সকাল সাড়ে দশটা নাগাদ মন্দিরের সামনে পৌঁছে যায় দিলীপ ঘোষের গাড়ি। তিনি গাড়ি থেকে নামতেই তাঁকে সেখানে স্বাগত জানান দলীয় সহকর্মীরা। তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রথা ও রীতি মেনে মন্দিরে পুজো দেন বিজেপির 'দাবাং' নেতা দিলীপ ঘোষ। কথা বলেন দলের স্থানীয় নেতা ও কর্মীদের সঙ্গে। পুজোর পর তাঁদের প্রসাদ বিলি করতেও দেখা যায় তাঁকে।
উল্লেখ্য, দিলীপ দলের রাজ্য সভাপতি থাকাকালীনই বাংলার নির্বাচনী যুদ্ধে সেরা ফল করেছিল বিজেপি। কিন্তু, পরবর্তীতে দলে নাকি কোণঠাসা পরেন তিনি! পরিস্থিতি এমনই হয় যে 'পছন্দের আসন' থেকে ভোটে লড়ার সুযোগ থেকেও 'বঞ্চিত' করা হয় তাঁকে। এ নিয়ে দিলীপ নিজেও তাঁর ক্ষোভ লুকিয়ে রাখেননি। প্রকাশ্যেই নিজের বক্তব্য পেশ করেছেন বারবার। এই প্রেক্ষাপটে আবারও একটা নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে বাংলা। অথচ, দিলীপের আমলে বিজেপি যে নির্বাচনী সাফল্য পেয়েছিল, তার পুনরাবৃত্তি এখনও পর্যন্ত ঘটেনি।
ওয়াকিবহাল মহলের মতে, এই প্রেক্ষাপটে দলের স্বার্থেই দিলীপকে কাছে ডেকে সরাসরি সক্রিয় হওয়ার নির্দেশ দেন অমিত শাহ। আর, তারপর থেকেই একটু একটু করে আবারও পুরোনো ফর্মে ফিরতে শুরু করেছেন দিলীপ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন