কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। কিন্তু, তাতে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এক জরুরি ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না। আইসিসির তরফে সূচি অপরিবর্তিত রাখার এবং নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হলেও নিজেদের অবস্থানে অনড় ‘টাইগার’দের বোর্ড।
মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আইসিসি কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলে। সূত্রের খবর, আইসিসির প্রতিনিধিরা বারবার অনুরোধ করেন যাতে বিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। কিন্তু বিসিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ক্রিকেটার এবং কর্মীদের নিরাপত্তার স্বার্থেই তাঁরা ভারত সফরে আসতে রাজি নন। পরিবর্তে শ্রীলঙ্কা বা অন্য কোনও নিরপেক্ষ দেশে বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ফের জোরালো সওয়াল করা হয়।
ক্রিকেট মহলের মতে, এই সংঘাতের মূলে রয়েছে আইপিএল-২০২৬ থেকে বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার ঘটনা। বিসিসিআই-এর পক্ষ থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছিল মুস্তাফিজুরকে রিলিজ করতে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, মুস্তাফিজুরের মতো ক্রিকেটারের প্রতি এমন আচরণের পর ভারত সফরে দল পাঠানো সম্ভব নয়। সেই চাপের মুখেই বিসিবি আজ কঠোর অবস্থান নিল বলে মনে করা হচ্ছে।
আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের সূচি এবং যাবতীয় আয়োজন অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা কার্যত অসম্ভব। এমনকী গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না আসে, তবে প্রতিপক্ষ দলগুলিকে ‘ওয়াকওভার’ দিয়ে দেওয়া হতে পারে এবং বাংলাদেশ পয়েন্ট হারাতে পারে। অন্যদিকে, জট কাটাতে আইসিসি ভারতের মধ্যেই কলকাতা বা মুম্বইয়ের বদলে চেন্নাই বা তিরুবনন্তপুরমের মতো বিকল্প ভেন্যুর প্রস্তাব দিতে পারে বলে সূত্রের খবর।
এদিক, এই দুই প্রতিবেশী দেশের এই ক্রিকেটীয় যুদ্ধের মাঝে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রস্তাব দিয়েছেন, বিসিবি চাইলে বাংলাদেশের ম্যাচগুলি পাকিস্তানে আয়োজন করতে পারে তারা। যদিও আইসিসি এই প্রস্তাবে এখনও কোনও সবুজ সংকেত দেয়নি।
বিসিবি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা খেলোয়াড়দের মঙ্গলের কথা ভেবেই তাদের ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। দুই পক্ষই সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। এখন দেখার, জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি শেষ পর্যন্ত বিসিবিকে নমনীয় করতে পারে, নাকি ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ স্রেফ ইতিহাসের পাতায় অনিশ্চয়তার মেঘে ঢাকা পড়ে যায়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন