কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক রদবদল এবং কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে এবার রণংদেহি মেজাজে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিল শেষে সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নিশানা করে তিনি স্পষ্ট জানান, ‘সব বদলে দিলেও বাংলার সরকার বদলাবে না।’
রবিবার মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়ার ঘটনাকে ‘মগের মুলুক’ ও ‘জমিদারি’র সাথে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মধ্যরাতে মেসেজ পাঠিয়ে ‘ছুপারুস্তমের’ মতো ‘গুপ্ততাণ্ডব’ চালাচ্ছে বিজেপি। তিনি বলেন, “চিফ সেক্রেটারি একজন বাঙালি মহিলা। এরা আসলে নারী-বিরোধী (Anti-woman)।” পুলিশ আধিকারিকদের বদলি প্রসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, “যাঁকেই পাঠান, তাঁরা মানুষের হয়েই কাজ করবেন। পুলিশকে ভয় দেখিয়ে লাভ নেই।”
এদিন রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে ‘কৃত্রিম সঙ্কট’ বলে ব্যাখ্যা করেন মমতা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “এত পাবলিসিটি না করে গ্যাসের দামটা ঠিক করতে পারতেন। ক্যাশ দিয়ে লাভ নেই, মানুষকে গ্যাস দিন।” এদিন মিছিলে তৃণমূলের মহিলা ব্রিগেডকে প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।
বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম না করে এবং শুভেন্দু অধিকারীকে ‘ডাকাত দলের সর্দার’ ও ‘টাইটেল বানচাল’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। শশী পাঁজার বাড়িতে হামলা এবং কালীঘাট বা খোদ তাঁর বাড়িতেই হামলার হুমকির জবাবে মমতা বলেন, “বুকের পাটা থাকলে দেখা! আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, ঘাসের জন্ম দিই।”
বিজেপির ‘পরিবর্তন’-এর ডাককে ‘গল্প’ বলে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে বলেন, “মাছ বাছার মতো রাজনীতির উকুন বাছছেন আপনারা। সব চেঞ্জ করে দিন, তৃণমূলের সিট এবার আরও বাড়বে। আবার দেখা হবে নবান্নেই।”
উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ বিভাজন রুখতে এবং বহিরাগতদের টাকা ছড়িয়ে ভোট করার অপচেষ্টা রুখতেও এদিন দলীয় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তৃণমূলনেত্রী।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন