রাজ্যে দ্বিতীয় দফার মেগা ভোটের ঠিক দু’দিন আগে ভোটার তালিকায় এক বড়সড় সংযোজন করল নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ মেনে সোমবার ট্রাইব্যুনালে ‘পাশ’ হওয়া আরও ১৪৬৮ জন নাগরিকের নাম অতিরিক্ত ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। এই নতুন ভোটাররা আগামী বুধবার দ্বিতীয় দফার ১৪২টি আসনেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফার জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ’ করে দেওয়া হলেও, শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল যে ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের নামের নিষ্পত্তি হবে, ভোটের ৪৮ ঘণ্টা আগেও তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সেই আইনি প্রক্রিয়া মেনেই সোমবার পর্যন্ত চূড়ান্ত হওয়া নামগুলির তালিকা প্রকাশ করল কমিশন। অন্যদিকে, এই সংশোধিত তালিকা থেকে ৬ জনের নাম বাদও পড়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত আধিকারিকদের স্ক্রুটিনির পর যারা অযোগ্য বিবেচিত হয়েছিলেন, তাঁদেরই সুযোগ দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালে আবেদন জানানোর। প্রথম দফার ভোটের আগেও একইভাবে ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত হয়েছিল। ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকার পর থেকে এই নিয়ে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করে চলেছে কমিশন।
বুধবার কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানের মতো হাই-ভোল্টেজ জেলাগুলিতে ভোটগ্রহণ। ঠিক তার আগেই এই নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করার ঘটনা যেমন প্রশাসনিক তৎপরতা প্রমাণ করছে, তেমনই গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে বিচারবিভাগ ও কমিশনের সমন্বয়ের প্রতিফলন ঘটাচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন