বাংলার দুই দফার ভোট মিটতেই এবার নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা শোনা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একসময় তৃণমূল 'ভ্যানিশ কুমার' বলে কটাক্ষ করলেও, আজ সেই প্রসঙ্গ টেনেই পাল্টা তোপ দেগেছেন দিলীপ। তাঁর সাফ কথা, জ্ঞানেশ কুমারকে যারা ভ্যানিশ হতে বলেছিল, তারাই আজ জনমানস থেকে ভ্যানিশ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। মেদিনীপুরের বিজেপি প্রার্থীর দাবি, এবারের নির্বাচন কমিশন চ্যালেঞ্জ নিয়ে শান্তিপূর্ণ ও ঐতিহাসিক ভোট করে দেখিয়েছে। বিশেষত, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কর্তব্যপরায়ণতার প্রশংসা করে তিনি এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। দিলীপের মতে, পুলিশের শরীরী ভাষাই বলে দিচ্ছে যে এবার বাংলায় বড় কোনো পরিবর্তন আসন্ন।
দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, শাসক দল গত ১৫ বছর ধরে রাজত্ব করলেও এবারের নির্বাচনে তাদের কাছে আর কোনও গঠনমূলক ইস্যু ছিল না। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো থেকে শুরু করে বিএলও ইউনিয়ন তৈরি করে বাধা দেওয়ার চেষ্টা— সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। প্রশাসনিক তৎপরতা থাকলে যে সুষ্ঠ ভোট সম্ভব, তা এবার প্রমাণিত। ভোটারদের আস্থা জোগাতে কমিশনের আগাম প্রস্তুতি এবং রেকর্ড সংখ্যক ভোটদানকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন তিনি। পরিশেষে তৃণমূলকে বিঁধে তাঁর তীক্ষ্ণ মন্তব্য, বাঙালির বুদ্ধি লোপ পায়নি যে তারা বারবার তৃণমূলকেই ভোট দেবে। সুষ্ঠ নির্বাচন আর পুলিশের বদলে যাওয়া ভঙ্গিকেই রাজ্যে ক্ষমতা পরিবর্তনের আগাম সংকেত হিসেবে দেখছেন এই হেভিওয়েট বিজেপি নেতা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন