Hidden Stories (বাংলা)

ফুটবল

Messi: গোলাপি জার্সিতে শততম গোল! মায়ামিকে কাপ জিতিয়ে মারপিটে জড়ালেন মেসি

মায়ামি: তিনি নামলে রেকর্ড বইয়ের পাতায় পরিবর্তন বাধ্য। তিনি মাঠে থাকা মানেই গ্যালারিতে উন্মাদনার ঝড় আর ট্রফি ক্যাবিনেটে নতুন স্মারকের সংযোজন। মার্কিন মুলুকে সেই 'মেসি-ম্যানিয়া' অব্যাহত। মঙ্গলবার রাতে ক্যাম্পিয়ন্স কাপের মেগা ফাইনালে মেক্সিকোর তারকা ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে আরও একটি শিরোপা ঘরে তুলল ইন্টার মায়ামি। আর এই রাজকীয় জয়ের রাতেই গোলাপি জার্সিতে ইতিহাস লিখলেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে নিজের ১০০তম গোলটি পূর্ণ করলেন তিনি, তা-ও আবার এক বিরল হেডার থেকে!মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের এই বার্ষিক দ্বৈরথে শুরু থেকেই ছন্দে ছিলেন আর্জেন্তিনীয় মহাতারকা। ম্যাচের ২৪ মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস ধরে চকিতে বক্সে ঢুকে লাফিয়ে উঠে মাপা হেডারে বল জালে জড়ান ৩৯ বছরের বিশ্বজয়ী। কাকতালীয়ভাবে, ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর তাঁর প্রথম গোলটিও এসেছিল এই ক্রুজ আজুলের বিরুদ্ধে। আর এই গোলের সঙ্গেই মায়ামির জার্সিতে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোলের অভাবনীয় মাইলফলক স্পর্শ করলেন তিনি। বার্সেলোনা (১৮৮ ম্যাচ) কিংবা আর্জেন্তিনা জাতীয় দলের (১৭৪ ম্যাচ) চেয়েও মায়ামির হয়ে দ্রুততম শততম গোলটি করলেন মেসি। এর পর ৮১ মিনিটে মেসির মাপা কর্নার কিক থেকেই চমৎকার হেডে ব্যবধান ২-০ করেন ব্রাজিলীয় তারকা কাসেমিরো।নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই এই ট্রফি জয় এক দারুণ উপহার। ২০২৩ সালের লিগস কাপ, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালের এমএলএস কাপের পর মায়ামির হয়ে এটি মেসির চতুর্থ শিরোপা। আর ক্যারিয়ার মিলিয়ে ট্রফির সংখ্যা গিয়ে দাঁড়াল অবিশ্বাস্য ৪৯-এ! পাশাপাশি পেশাদার ফুটবল ক্যারিয়ারে মোট গোল সংখ্যা গিয়ে পৌঁছল ৯২৯-এ।তবে জয় এবং ট্রফি উদযাপনের রাতেই জন্ম নিল এক তীব্র বিতর্ক। ম্যাচের পর মেজাজ হারিয়ে সরাসরি বিবাদে জড়িয়ে পড়েন মেসি। স্টেডিয়াম থেকে ট্রফি নিয়ে বেরোনোর সময় এমএলএস-এর প্রধান কর্তা ডন গার্বারের দিকে আঙুল তুলে তেড়ে যেতে দেখা যায় তাঁকে। কী নিয়ে এই বচসা তা স্পষ্ট না হলেও, ম্যাচের ভেতরেও রেফারির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়ে মেসিকে বলতে শোনা যায়, “জঘন্য রেফারিং, জঘন্য! লজ্জা হওয়া দরকার!” সব মিলিয়ে গোল, ট্রফি এবং সংঘাত— মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের চেনা রাজকীয় মেজাজেই শিরোনামে রইলেন ফুটবলের রাজপুত্র।

Messi: গোলাপি জার্সিতে শততম গোল! মায়ামিকে কাপ জিতিয়ে মারপিটে জড়ালেন মেসি