Air India : ফ্লাইদুবাইয়ের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই এবার এয়ার ইন্ডিয়ায় হাইজ্যাক অ্যালার্ট! জয়পুরে জরুরি অবতরণ
জয়পুর: ফ্লাইদুবাই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় বিমান দুর্ঘটনার ভ্রুকুটি ভারতীয় আকাশে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটে হাইজ্যাক বা বিমান অপহরণের সতর্কতা জারির জেরে জোর শোরগোল পড়ে গেল। বুধবার সকালে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) কাছে আচমকাই জরুরি সতর্কবার্তা আসার পরেই তড়িঘড়ি পথ পরিবর্তন করে বিমানটিকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এই ঘটনায় গোটা বিমানবন্দরে চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোয়িং ৭৮৭-৯ মডেলের এয়ার ইন্ডিয়ার এআই-২০৩০ বিমানটি মঙ্গলবার রাতে জার্মানি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানটি যখন মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে (FIR) অবস্থান করছিল, সেই সময়েই চালকের ককপিট থেকে কুখ্যাত ‘স্কোয়াক ৭৫০০’ (Squawk 7500) কোডটি সংকেত হিসেবে পাঠানো হয়। আন্তর্জাতিক বিমান চলাচলের পরিভাষায় এই কোডের অর্থ হল, বিমানটি অপহরণ করা হয়েছে অথবা বিমানে কোনও বেআইনি ও নাশকতামূলক হস্তক্ষেপ ঘটেছে। আর এই সিগন্যাল পাওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলি।সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সকাল পৌনে দশটা নাগাদ বিমানটিকে জয়পুর বিমানবন্দরের একটি সুরক্ষিত আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড, দমকল বাহিনী, অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) এবং রাজস্থান পুলিশের শীর্ষ কর্তারা। এমনকি যেকোনও পরিস্থিতি মোকাবিলায় দিল্লির ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) টিমকেও স্ট্যান্ডবাইতে রাখা হয়। বিমান থেকে পাইলট সহ সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে কঠোর নিরাপত্তা স্ক্রিনিং ও তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।গোয়েন্দা সূত্রে খবর, কোনো বাস্তব হাইজ্যাকের ঘটনা ঘটেনি, সম্ভবত যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত পাইলট ওই ‘হাইজ্যাক অ্যালার্ট’ সুইচ টিপে ফেলেছিলেন। তা সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, ঘটনাটি নিছক ভুল না কি এর নেপথ্যে অন্য কোনো বড় রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক অতীতে ফ্লাইদুবাই সংক্রান্ত নানা ঘটনার পর ফের এমন হাইজ্যাকের ভুয়ো বা আসল আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল।