Birbhum News: পালাবদল হলেও রক্তস্নান, বোলপুরে সন্ধ্যায় ঝাঁঝরা বিজেপি নেতা
সিউড়ি: জঙ্গলমহল থেকে সমতল! রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু বীরভূমের মাটি থেকে রক্তের দাগ যে এতটুকু মোছেনি, রবিবার সন্ধ্যায় বোলপুরের ঘটনা তা আরও একবার স্পষ্ট করে দিল। ক্ষমতার রাশ বদলালেও অনুব্রত মণ্ডলের একদা গড় বলে পরিচিত এই জেলায় রাজনৈতিক হিংসা আর বন্দুকবাজির রাজনীতি এতটুকু কমেনি। প্রকাশ্য সন্ধ্যায় গুলির শব্দে কেঁপে উঠল শান্তিনিকেতনের কোল ঘেঁষা বোলপুরের জনবহুল ত্রিশূলাপট্টি এলাকা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক বিজেপি বুথ সভাপতিকে।নিহতের নাম চন্দন ভোলা। তিনি বোলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ২০২ নম্বর বুথের বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকার এক নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন চন্দনবাবু। অভিযোগ, অন্ধকার গলি থেকে আচমকাই হানা দেয় আততায়ীরা। একদম কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির বিকট শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রকাশ্য সন্ধ্যায় এই রোমহর্ষক হত্যাকাণ্ডের খবর ছড়াতেই এলাকায় মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো এলাকা ঘিরে ফেলা হয়। কার বা কাদের নির্দেশে এই রাজনৈতিক খুনের ছক, রাজনীতির জেরে এই হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনও পুরানো শত্রুতা কাজ করছে ? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অপরাধীদের চিহ্নিত করতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পরপরই মুখে কাপড় বাঁধা দুই যুবককে বাইকে চড়ে দ্রুত গতিতে চম্পট দিতে দেখা গিয়েছে। তাঁদের খোঁজে এলাকা জুড়ে নাকা চেকিং শুরু হয়েছে।রাজ্যে সরকার কিংবা রাজনৈতিক সমীকরণ যা-ই বদলাক না কেন, রাঙামাটির জেলায় যে অশান্তি ও আতঙ্কের বাতাবরণ এতটুকু কমেনি, রবিবারের এই ঘটনা ফের তা প্রমাণ করে দিল। এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখন উত্তাল বোলপুরের রাজনীতি, নজর পুলিশের তদন্তের অগ্রগতির দিকে।