Hidden Stories (বাংলা)

Harmanpreet Kaur: ‘অলবিদা’ ক্যাপ্টেনসি! শুরু ব্যাটার হরমনপ্রীতের নতুন ইনিংস, রাজমুকুট ছাড়লেন ভারতকন্যা

মুম্বই: অধিনায়ক হিসেবে অর্জনের ঝুলি তাঁর কানায় কানায় পূর্ণ। ঝুলিতে ২০ ওভারের বিশ্বকাপ, এশিয়ান গেমসে সোনা, কমনওয়েলথে রূপো আর একের পর এক এশিয়া কাপ জয়। ভারতীয় মহিলা ক্রিকেটকে সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে বসিয়ে অবশেষে সেই বহুচর্চিত নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, সব ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়কত্ব থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের মহিলা ক্রিকেটে একটি সোনালী অধ্যায়ের যবনিকাপাত ঘটল। ২০১৬ সালে পাকাপাকিভাবে ভারতীয় দলের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন হরমনপ্রীত। তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না ৩৭ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার। কেবল একজন ব্যাটার হিসেবে দলের হয়ে নিজের সেরাটা উজার করে দিতে চান তিনি।ঘটনাচক্রে, গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিসিআই)-এর পর্যালোচনা বৈঠকের পরদিনই এই বড় ঘোষণা এল। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে আয়োজিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন হরমনপ্রীত স্বয়ং, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ অমোল মজুমদার। গত কয়েক মাসের দলের পারফরম্যান্স এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনার পরেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে সূত্রের খবর, ভাইস ক্যাপ্টেনের দায়ভার সামলানো স্মৃতি মান্ধানাই হতে চলেছেন ভারতের পরবর্তী অল-ফরম্যাট অধিনায়ক।সমাজমাধ্যমে হরমনপ্রীত লিখেছেন, “আজকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। সিদ্ধান্তটা একেবারেই সহজ ছিল না। এর পেছনে জড়িয়ে রয়েছে বছরের পর বছর ধরে জমিয়ে রাখা স্মৃতি, আবেগ, ত্যাগ আর অজস্র মুহূর্ত।” নিজের সেরাটা দলকে দেওয়ার কথা তুলে ধরে তিনি আরও যোগ করেন, “দলকে জেতাতে অনেক সময় নিজের ব্যক্তিগত ইচ্ছে, পারফরম্যান্স এবং বৃদ্ধিকে দূরে সরিয়ে রাখতে হয়েছিল। কারণ আমি সবসময় বিশ্বাস করেছি, ব্যক্তির থেকে দল বড়।”ভারতের হয়ে ৫টি টেস্ট, ৫১টি ওডিআই এবং ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি জয় (৯২টি) রয়েছে তাঁর ঝুলিতেই। ওডিআই-তেও ৫১টির মধ্যে ৩০টিতেই জয় এসেছে তাঁর হাত ধরে। ২০২৫ সালের মাটিতে আয়োজিত বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা এবং লর্ডসের মাঠে ঐতিহাসিক টেস্ট জয়, অধিনায়ক হরমনপ্রীতের ক্রিকেট জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অফ-ফর্ম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।সেই সমালোচনা ও চাপের উত্তরও মিলল তাঁর বার্তায়, “অধিনায়ক হিসেবে এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল যা হয়তো সবাই সবসময় বুঝতে পারেননি। কিন্তু প্রতিটা সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল দলটার ভাল করা। রক্ত, ঘাম, ত্যাগ আর গর্ব, নিজের সবটুকু দিয়েছিলাম। অধিনায়কত্বের মেয়াদ শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি ভালবাসা কোনওদিন কমবে না। এবার স্রেফ ক্রিকেটের আনন্দে মেতে ওঠার পালা।”স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজ আর ট্রফি জয়ের ধারাবাহিকতায় ভর করে ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্বমঞ্চে স্বমহিমায় প্রতিষ্ঠিত করে গেলেন ‘ক্যাপ্টেন কৌর’। ব্যাটার হরমনপ্রীতের দ্বিতীয় ইনিংস ঠিক কতটা বিধ্বংসী হয়, এখন সেদিকেই চোখ ক্রিকেট বিশ্বের।

 Harmanpreet Kaur: ‘অলবিদা’ ক্যাপ্টেনসি! শুরু ব্যাটার হরমনপ্রীতের নতুন ইনিংস, রাজমুকুট ছাড়লেন ভারতকন্যা