Hidden Stories (বাংলা)

Abhijeet Dipke detained: দিল্লিতে অভিজিৎ আটক, কেন্দ্রীয় পুলিশের বিরুদ্ধে তোপ মা-বাবার!

পুণে: দিল্লি পৌঁছতেই বিমানের ভেতর থেকে ছেলেকে আটক করেছে মোদী-শাহের পুলিশ! খবরটি টিভিতে না দেখতে ছেলে আগেই বারণ করেছিলেন। কিন্তু মায়ের মন তো আর বাধা মানে না। শেষ পর্যন্ত সোশ্যাস মিডিয়ার একটি রিল দেখেই অনিতা দীপকে জানতে পারলেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগেই বিমান থেকে বন্দি করা হয়েছে তাঁর ছেলে, 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। ছেলের এমন পরিণতি দেখে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়লেন বৃদ্ধা মা। চাঁচাছোলা ভাষায় তাঁর প্রশ্ন, "কী অপরাধ করেছে আমার ছেলে যে এভাবে অপরাধীর মতো আটক করতে হলো? ধর্ষণের আসামি বা জঙ্গিদের ধরার ক্ষেত্রেও কি কেন্দ্রীয় পুলিশ এতটা তৎপরতা দেখায়?"শনিবার নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়া ও ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল রাজনৈতিক দল সিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিতেই মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি পৌঁছেছিলেন অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। কিন্তু অভিযোগ, বিমানটি রানওয়ে ছোঁয়ামাত্রই বিমানে চেপে তাঁদের আটক করে দিল্লি পুলিশ। পরে তাঁদের দিল্লি ও গুরুগ্রামের একাধিক আটককেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়।পুণেতে বসে এই ঘটনার খবর পাওয়ার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অনিতা দেবী জানান, ছেলে বিপদে পড়তে পারে, এমন আশঙ্কা তাঁর ছিল। কিন্তু যেভাবে বিমানের ভেতর ঢুকে পুলিশ চড়াও হলো, তা দেখে তিনি হতবাক। ক্ষুব্ধ মায়ের হুঁশিয়ারি, "আমার ছেলের কিছু হলে এই সরকারকে তার দায় নিতে হবে।" ছেলের পাশাপাশি দাঁড়িয়েছেন বাবা ভগবানরাও দীপকেও। তাঁর অভিযোগ, সাধারণ মানুষ ও বিরোধীদের আটক করতে পুলিশ যতটা সক্রিয়, দেশের টাকা লুট করে পালিয়ে যাওয়া অপরাধী বা ধর্ষকদের বেলায় তারা ততটাই ঠুঁটো জগন্নাথ! ছেলে ও তাঁর সহযোদ্ধাদের লড়াইয়ের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।অনুমতি না থাকার দোহাই দিয়ে যন্তর মন্তরের কর্মসূচি বানচাল করতে শুক্রবার রাত থেকেই দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ ও দূরপাল্লার ট্রেন বাতিল করেছিল পুলিশ। তাতেও সিজেপি নেতাদের রোখা যায়নি। ঘটনাচক্রে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও এই বেআইনি আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পুত্র অভিজিতের এই নাটকীয় আটকের পর শাহের পুলিশের ওপর পুণের দীপকে পরিবারের এই তোপ কার্যত রাজধানীর প্রতিবাদী আবহাওয়াকে আরও উসকে দিল।

Abhijeet Dipke detained: দিল্লিতে অভিজিৎ আটক, কেন্দ্রীয় পুলিশের বিরুদ্ধে তোপ মা-বাবার!