Hidden Stories (বাংলা)

Kolkata Mahalaya 2026: ভোরে বীরেন্দ্রকৃষ্ণ, বিকেলে ইডেন! শুরু বাঙালির দেবীপক্ষ

কলকাতা: আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ।  তবু দিল্লির সাড়ম্বর রাজনীতির আলো কেড়ে এবার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স থেকেই রচিত হবে দুর্গোৎসবের এক নতুন ইতিহাস। মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে তর্পণের সনাতনী আচারের মধ্যেই আটকে রইল না মহানগরী। শনিবার ভোরে বাবুঘাট থেকে জাজেস ঘাট, তর্পণের চেনা ভিড় ও কড়া নিরাপত্তার চাদরের বাইরে গোটা শহর সাক্ষী রইল এমন এক মহাযজ্ঞের, যা এর আগে দেখেনি তিলোত্তমা। একদিকে ৩ হাজার ঢাকের বোল, ১ হাজার মহিলার উলুধ্বনি এবং শঙ্খধ্বনির বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি, অন্যদিকে দুবাইয়ের বুর্জ খলিফা থেকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এই বঙ্গীয় উৎসবের সরাসরি সম্প্রচার। সব মিলিয়ে মোদী-শাহের অনুপস্থিতি ছাপিয়ে কলকাতার রেড রোড ও ইডেনই হয়ে উঠতে চলেছে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।শনিবার ভোরে ভোরের আলো ফোটার আগেই গঙ্গার পাড়ে উপচে পড়েছিল তর্পণের ভিড়। শাস্ত্রমতে, ‘ত্রুপ’ শব্দ থেকে তর্পণের উৎপত্তি, যার অর্থ সন্তুষ্ট করা। এদিন গঙ্গার জলে তিল, চন্দন ও তুলসী পাতা দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তির কামনায় অঞ্জলি দেন বহু মানুষ। জলপথ থেকে শুরু করে ঘাট লাগোয়া রাস্তা, সব জায়গাতেই ছিল আঁটসাঁট নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ। তবে এই ভক্তি ও নিরাপত্তার চাদর ভেদ করেই এদিনের মূল আকর্ষণ সরে আসে ইডেন উদ্যানের মেগা অনুষ্ঠানের দিকে।শনিবার আলোকোজ্জ্বল রেড রোড ধরে খোলা জিপে ইডেনের উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। রাস্তার দু’পাশে বিভিন্ন জেলার লোকসংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্য তুলে ধরার চোখধাঁধানো স্টেজ সাজানো হয়েছে। ইডেনের মূল মঞ্চে এদিন সুরের মূর্ছনায় আসর মাতিয়ে তুলবেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র, শান্তনু মৈত্র ও বাংলা ব্যান্ড দোহার। এর সঙ্গে গঙ্গার দুই পাড়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। তবে এদিনের সবচেয়ে বড় চমক হতে পারে একসঙ্গে তিন হাজার ঢাকের গর্জন, এক হাজার উলুধ্বনি এবং তিন হাজার ড্রোনের রোমাঞ্চকর আলোয় দুর্গা আবাহনের অভূতপূর্ব দৃশ্য।বিশেষ এই অনুষ্ঠানের গ্লোবাল রিচও তাক লাগানোর মতো। কলকাতার এই মাতৃ আরাধনা কেবল ইডেনেই সীমাবদ্ধ থাকছে না।  দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের প্রকাণ্ড স্ক্রিনেও একসঙ্গে তা দেখতে পাবেন প্রবাসী বাঙালিরা। কেন্দ্রীয় হেভিওয়েট নেতাদের উপস্থিতি ছাড়াই বাংলার নিজস্ব কৃষ্টি, প্রযুক্তি ও সংস্কৃতির এই আন্তর্জাতিক মঞ্চে এবারের পুজোকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিতে চলেছে।এদিকে, এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ও যান চলাচলে ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, রবীন্দ্র সরণি ও শোভাবাজার স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বাবুঘাটের বাসগুলিকে হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোডের ক্রসিংয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আকাশপথে ড্রোনের নজরদারির পাশাপাশি রাস্তায় মোতায়েন রয়েছে দেড় হাজার পুলিশকর্মী।

Kolkata Mahalaya 2026: ভোরে বীরেন্দ্রকৃষ্ণ, বিকেলে ইডেন! শুরু বাঙালির দেবীপক্ষ