Hidden Stories (বাংলা)

Suvendu Adhikari: মডেল হবে রেজিনগর! নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি, হুমায়ূনকে একহাত মুখ্যমন্ত্রীর

রেজিনগর : রেজিনগর বিধানসভা উপনির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই প্রচারের পারদ চড়ল শিখরে। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে রেজিনগরে এক মেগা নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক শিবিরের হিংসা ও হিন্দু-মুসলিম মেরুকরণের রাজনীতির কঠোর সমালোচনা করে রেজিনগরকে ফলতার মতো 'মডেল বিধানসভা' হিসেবে গড়ে তোলার বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।বঙ্গ রাজনীতিতে সম্প্রতি চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা করেছিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। রেজিনগরের প্রচারমঞ্চ থেকে সে কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, "রাজনীতির ময়দানে লড়াই, তর্ক, আলোচনা-সমালোচনা হবে। কিন্তু এখানে উনি প্রতি শুক্রবার দোয়া করছেন আমি যেন তাড়াতাড়ি ওপরওয়ালার কাছে চলে যাই! যে লোক প্রতিপক্ষ রাজনৈতিক নেতার মৃত্যু প্রার্থনা করে, তার পতন অনিবার্য। এই দলকে আপনারা ভোট দেবেন?" এরপরই হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে শুভেন্দু তোপ দাগেন, "অধীর চৌধুরীকে ব্যাকস্ট্যাব করেছেন, মুকুল রায় আশ্রয় দেওয়ার পর বিজেপির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। যে লোক গত ৫ মাসে নওদার জন্য একটা ইটও গাঁথতে পারেনি, সে আগামী ৫৫ মাসেও কিছু করতে পারবে না।" একই সঙ্গে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "৫ মে আমি বলেছিলাম তৃণমূলের নাম-নিশান থাকবে না। আজকে তৃণমূল দুটো টুকরো, মমতা এআইটিসি ও ডেমোক্রেটিক টিএমসি। রাজ্যে আসল জোড়াফুলের আর অস্তিত্বই নেই।"রেজিনগরবাসীকে উন্নয়নের জোয়ারে ভাসানোর প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জেতার পর নন্দীগ্রাম বা ভবানীপুরের মতোই রেজিনগরকে তিনি নিজের বিধানসভা কেন্দ্র হিসেবে আগলে রাখবেন। এখানে 'নেতাজি সুভাষ সেবা কেন্দ্র' গড়ার পাশাপাশি দেড় বছরের মধ্যে শিল্পতালুক তৈরি ও কারখানা গড়ে তোলার নিশ্চয়তা দেন তিনি। রেজিনগরের বিশাল পরিযায়ী শ্রমিক সমস্যার কথা তুলে ধরে শুভেন্দু আশ্বাস দেন, আগামী দুই বছরের মধ্যে বহিরাঞ্চলের ৪০ হাজার শ্রমিককে স্বরাজ্যে ফিরিয়ে এনে এখানেই কাজের সংস্থান করা হবে এবং আগামী ৬ মাসের জন্য ১২৫ দিনের কাজের সুযোগ দেওয়া হবে। আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে যে ধর্মীয় কোনো ভেদাভেদ করা হবে না, তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।উল্লেখ্য, রেজিনগরে প্রচারসভায় যোগ দেওয়ার আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৬ বছরের শিশু জাসমিনা খাতুনের ভিটেয় সশরীরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস'-এর প্রচার গাড়ি থেকে ছোড়া চকোলেট কুড়োতে গিয়ে হুড়োহুড়িতে মর্মান্তিক মৃত্যু হয় শিশুর। বৃহস্পতিবার শোকার্ত পরিবারের পাশে বসে সান্ত্বনা জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনী আচরণবিধি চালু থাকায় আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে তিনি আশ্বাস দেন, ভোট মিটলেই রাজ্য সরকার ও প্রশাসন পূর্ণাঙ্গভাবে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবে। সব মিলিয়ে, শোকাহত পরিবারকে পাশে পাওয়ার বার্তা এবং উন্নয়নকে হাতিয়ার করে রেজিনগরের উপনির্বাচনী বাইশগজে মাস্টারস্ট্রোক দিলেন শুভেন্দু।

Suvendu Adhikari: মডেল হবে রেজিনগর! নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি, হুমায়ূনকে একহাত মুখ্যমন্ত্রীর