Hidden Stories (বাংলা)

Imran Khan actor: বিক্ষোভ মিছিলে মার্কিন নাগরিক ইমরান, ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিস

নয়াদিল্লি: হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে। এমনই চরমপত্র বা নোটিস দিল মুম্বই পুলিশ। চিত্রতারকা আমির খানের ভাগ্নে তথা 'জানে তু ইয়া জানে না' খ্যাত  অভিনেতার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও মুম্বইয়ে একটি রাজনৈতিক প্রতিবাদ মিছিলে সক্রিয়ভাবে অংশ নেওয়াই কাল হল ইমরানের।ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের ঐতিহাসিক অগস্ট ক্রান্তি ময়দানে একটি প্রতিবাদ সভার ডাক দিয়েছিল সিজেপি। মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী পরিচালিত 'হাম ভারত কে লগ' সংগঠন এবং নানা সামাজিক কর্মীরাও এই আন্দোলনে যোগ দেন। সেই রাজনৈতিক জমায়েতেই নিজের সঙ্গী লেখা ওয়াশিংটন ও তুতো বোন জেন মেরি খানকে নিয়ে উপস্থিত হন অভিনেতা ইমরান খান। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইমরানসহ প্রায় ৪০০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। ভ্যানে বসে তোলা নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ইমরান হালকা চালে লিখেছিলেন, "মনে হচ্ছে একটা ড্রাইভে যাচ্ছি।" কিন্তু সেই হালকা চালের জল্পনাই যে এমন আইনি ফাঁসে পরিণত হবে, তা হয়তো ভাবেননি তিনি।কেন দেশছাড়ার নোটিস? পুলিশের কড়া পদক্ষেপে প্রশ্নের মুখে ওসিআই কার্ডমূল বিতর্ক তৈরি হয় ইমরানের নাগরিকত্ব ঘিরে। বিজেপি নেতা কিরীট সোমাইয়া বিষয়টি নিয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হন। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, ইমরান আদতে আমেরিকার নাগরিক এবং ভারতে স্থায়ীভাবে থাকার জন্য তাঁর কাছে 'ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া' (ওসিআই) কার্ড রয়েছে। কিন্তু ওসিআই কার্ডধারী বা বিদেশি নাগরিক হয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা 'বেআইনি রাজনৈতিক আন্দোলনে' অংশ নেওয়া ভিসা বিধি ও ইমিগ্রেশন আইনের স্পষ্ট লঙ্ঘন।কিরীট সোমাইয়ার ওই অভিযোগের পরেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। তারা তদন্তে নেমে দেখে, বোম্বে হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী অগস্ট ক্রান্তি ময়দান কোনো অনুমোদিত ধরণা বা বিক্ষোভের স্থান নয়। একই সঙ্গে দেশের আইন মোতাবেক কোনও বিদেশি নাগরিক ভারতে কোনও প্রকার রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করতে পারেন না। ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করে মুম্বই পুলিশ অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ জারি করে।তবে আটক হওয়ার সময় ইমরান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, তিনি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সেখানে যাননি। এক জন সাধারণ মুম্বইবাসী হিসেবে নিজের মতামত প্রকাশ করতে এসেছিলেন। কিন্তু সেই যুক্তি আইনের ধোপে টিকল না। ২০১১ সালেই এক সাক্ষাৎকারে ইমরান স্বীকার করেছিলেন যে তিনি মার্কিন নাগরিক এবং ভারতের পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর কাছে ভারতীয় নাগরিকত্ব আসেনি। ওসিআই বিধি ভাঙার জেরেই এখন দেশ ছাড়ার মুখোমুখি ৩৯ বছরের এই তারকা। পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ইমরান বা তাঁর আইনজীবী।

Imran Khan actor: বিক্ষোভ মিছিলে মার্কিন নাগরিক ইমরান, ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিস