Hidden Stories (বাংলা)

Weather today: মেঘলা উপকূলের আকাশ, সকাল থেকে বৃষ্টি! ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে ‘অর্ণব’

কলকাতা: ঘূর্ণিঝড় না হলেও রূপ বদলে গভীর নিম্নচাপ হিসেবেই দক্ষিণ ভারতের উপকূলে আছড়ে পড়ল বঙ্গোপসাগরের তৈরি হওয়া ‘অর্ণব’। আর তার পরোক্ষ প্রভাবেই বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যজুড়ে আকাশের মুখ ভার, শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালিপত্তনমের কাছে বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি এলাকা দিয়ে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে সমুদ্রে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রাজ্যের বাকি জেলাগুলোতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতায় ঠিক কতটা প্রভাব? কলকাতাবাসীর মনে প্রশ্ন ছিল, সমুদ্রের এই নিম্নচাপ তিলোত্তমাকে কতটা ভেজাবে? আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শহরের জন্য জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে শহরের বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে।জেলায় জেলায় কমলা সতর্কতা আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী (২০০ মিমি পর্যন্ত) বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টি চলবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার সার্বিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে আজ ও কাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে সেখানেও মিলবে স্বস্তি।

 Weather today: মেঘলা উপকূলের আকাশ, সকাল থেকে বৃষ্টি! ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে ‘অর্ণব’