Hidden Stories (বাংলা)

Sabina Yasmin resignation: উপনির্বাচন মিটতেই ভাঙন ঋতব্রত শিবিরে! মহিলা মোর্চার পদ ছেড়ে কি ফের মমতার দিকেই ঝুঁকছেন সাবিনা?

কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের এক নতুন সমীকরণের ইঙ্গিত। উপনির্বাচনের পর্ব মিটতে না মিটতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ বা ডিটিসি শিবিরে বড়সড় ভাঙন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণকে সামনে রেখে ডিটিসি-র রাজ্য মহিলা সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন সুজাপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তবে শুধু পদত্যাগই নয়, তাঁর চিঠিতে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নামের অনুপস্থিতি এবং সরাসরি মূল দল ও সভাপতি বিপ্লব মিত্রের উল্লেখ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। তবে কি পুরভোট ও আগামী লড়াইয়ের আগে তৃণমূলে কামব্যাক করার পথেই হাঁটছেন সাবিনা?বুধবার চতুর্থীর সকালে দলীয় বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের ইস্তফাপত্রের কথা জানান সাবিনা। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, দলের এই নতুন সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যেতে হলে যে মাত্রায় রাজ্যজুড়ে ছোটাছুটি করা প্রয়োজন, বর্তমান শারীরিক ও পারিবারিক পরিস্থিতিতে তাঁর পক্ষে তা আর সম্ভব নয়। তাই পদ আঁকড়ে না থেকে সরে দাঁড়ানোই শ্রেয় বলে মনে করেছেন তিনি। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, “ঋতব্রত তৃণমূল বলে কিছু হয় না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা শাখার সভাপতি করা হয়েছিল আমায়, আজ আমি সেই পদ থেকে সরে দাঁড়ালাম।”উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই শাসকদলের অন্দরে বিদ্রোহের সুর বেজে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে প্রায় ৬০ জন বিধায়ক দল থেকে বেরিয়ে আসেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন। যেখানে কালীঘাট চেয়েছিল বালিগঞ্জের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে ওই পদে বসাতে, ঠিক সেই সময়ই বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। তাঁকে ডিটিসি-র রাজ্য মহিলা শাখার সভানেত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু যোগদানের মাসখানেকের মাথাতেই এই পদত্যাগ সেই বিদ্রোহী শিবিরে বড়সড় ধাক্কা দিল।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সাবিনার এই পদত্যাগের নেপথ্যে কেবল শারীরিক অসুস্থতাই একমাত্র কারণ নয়। তিনি যে ইস্তফাপত্রটি পাঠিয়েছেন, তাতে কোথাও ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ শব্দবন্ধটি ব্যবহার না করায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।  তবে কি দূরত্ব বাড়ছে ঋতব্রত শিবিরের সঙ্গে? যদিও সাবিনা দাবি করেছেন তিনি দল ছাড়ছেন না, তবে তাঁর এই সিদ্ধান্ত কি ঘরের ছেলে ঘরে ফেরার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফের ফিরে যাওয়ার কোনো পূর্বলক্ষণ? সামনেই পুরভোটের বৈতরণী পার করার লড়াই, তার আগে এই রাজনৈতিক দলবদলের গুঞ্জন বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল।

Sabina Yasmin resignation: উপনির্বাচন মিটতেই ভাঙন ঋতব্রত শিবিরে! মহিলা মোর্চার পদ ছেড়ে কি ফের মমতার দিকেই ঝুঁকছেন সাবিনা?