Hidden Stories (বাংলা)

Siliguri News: জট ছাড়াতে কড়া দাওয়াই, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবার দেড় কোটির স্থায়ী পার্কিং!

শিলিগুড়ি: উত্তরবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্যিক হাব শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যা ও হাঁসফাঁস করা যানজট মোকাবিলায় বিরাট সিদ্ধান্ত নিল প্রশাসন। আর মেলা নয়, ঐতিহাসিক কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা ময়দানে তৈরি হতে চলেছে স্থায়ী পার্কিং পরিকাঠামো। ব্যস্ততম বিধান মার্কেট ও সংলগ্ন বাণিজ্যিক এলাকায় গাড়ি পার্কিংয়ের জট ছাড়াতে এবং রাস্তার ওপর ট্রাফিকের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতেই এই মেগা উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই স্থায়ী পার্কিং প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। প্রদীপ প্রজ্বলন, ফিতা কাটা এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই মেগা কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ এবং এসিপি (ট্রাফিক) সুবীর দত্ত-সহ একাধিক শীর্ষ প্রশাসনিক আধিকারিক।প্রকল্পের সূচনা করে মন্ত্রী শংকর ঘোষ স্পষ্ট জানান, বিধান মার্কেট সংলগ্ন এলাকার পার্কিং সমস্যা বহু বছরের। একাধিকবার সাময়িক চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান মেলেনি। এবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা ময়দানকে স্থায়ী বিকল্প হিসেবে ব্যবহার করে শহরের ট্রাফিক পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে। ইতিমধ্যেই এলাকাটিতে আংশিকভাবে গাড়ি পার্কিং শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আগামী ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত পরিকাঠামোগত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যাতে দুর্গাপুজোর কেনাকাটার সময় সাধারণ মানুষকে যানজটের মুখোমুখি হতে না হয়।একই সঙ্গে শহরের ভেতর ঢোকা দূরপাল্লার বড় ভলভো বাসের যাতায়াত রুখতেও বড় ঘোষণা করেছেন মন্ত্রী। তিনি জানান, শহরের বাইরের নির্দিষ্ট এলাকায় ওই বাসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর এই বাস টার্মিনাল প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি ফুলবাড়িতে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে টোল গেট-সহ একগুচ্ছ আধুনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।ভবিষ্যতে শহরে মেলা আয়োজনের ক্ষেত্রেও বড় পরিবর্তনের বার্তা দিয়েছেন মন্ত্রী। পুজোর পর শহরের মেলাগুলির জন্য নির্দিষ্ট কিছু স্থান চিহ্নিত করে দেওয়া হবে, যেখানে পর্যাপ্ত পার্কিং ও জায়গার সুযোগ থাকবে। 'বিশ্ব বাংলা শিল্পী হাট'-কেও মেলা বা অন্য সামাজিক অনুষ্ঠানের বিকল্প জায়গা হিসেবে ভাবা হচ্ছে, যদিও দুর্গাপুজোর ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে। সবশেষে শহরের বুকে অবৈধ নির্মাণ এবং রাস্তা দখল করে ব্যবসা করার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী সাফ জানান, শিলিগুড়িকে যানজটমুক্ত করতে প্রশাসন দ্রুত জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নামছে।

Siliguri News: জট ছাড়াতে কড়া দাওয়াই, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবার দেড় কোটির স্থায়ী পার্কিং!