Hidden Stories (বাংলা)

Pm Narendra Modi: শিল্পীর হাতে জন্মদিনে প্রধানমন্ত্রী! অধরা দেখা, তবে আজ কলকাতায় মোমের মোদীর উদ্বোধন

আসানসোল: ইচ্ছা ছিল নিজের হাতে শিল্পকর্মটি তুলে দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। সেই উদ্দেশ্যে গত দু’মাস ধরে রাতদিন এক করে, তিলে তিলে তৈরি করেছিলেন প্রধানমন্ত্রীর এক ‘জীবন্ত’ মোমের মূর্তি। কিন্তু সরকারি প্রোটোকল ও প্রশাসনিক জটিলতার দরুন শেষ পর্যন্ত মোদীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা সম্ভব হয়নি। তবুও দমে যাননি শিল্পমন। আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই সুনিপুণ ভাস্কর্য পৌঁছাল কলকাতায়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের তত্ত্বাবধানে আসানসোলের নামী ভাস্কর সুশান্ত রায়ের তৈরি এই মোম-মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন হল। যদিও শিল্পীর আক্ষেপ পুরোপুরি মোছেনি, তবুও আশার আলো দেখাচ্ছেন রাজ্য নেতৃত্ব। বিজেপির শীর্ষ নেতৃত্ব সুশান্তবাবুকে কথা দিয়েছেন, পূর্ণ সম্মান জানিয়ে মূর্তিটি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে। উল্লেখ্য, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্বে ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা দেশজুড়ে আজ থেকে মাসব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জন্মদিনের সন্ধ্যায় দেশজুড়ে প্রদীপ জ্বালানোর পাশাপাশি পালিত হচ্ছে নানা অনুষ্ঠান।২০০১ সাল থেকে মোমের মূর্তি তৈরির কাজে যুক্ত আসানসোলের সুশান্ত রায়। সেই সময় রাজ্যের তৎকালীন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীর অনুরোধে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে তাঁর একটি মোমের মূর্তি তৈরি করেছিলেন তিনি। সেই মূর্তিটি বানিয়েই রাতারাতি রাজ্যজুড়ে খ্যাতি অর্জন করেন সুশান্তবাবু। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মেগাস্টার অমিতাভ বচ্চন, কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, সুশান্ত সিং রাজপুত, শাহরুখ খান থেকে শুরু করে ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা কিংবা বাঙালির প্রিয় ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোমের ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন তিনি। সম্প্রতি লিওনেল মেসির মূর্তি বানিয়েও ফের সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি।আসানসোলে নিজের বাড়িতেই সুশান্তবাবু গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দন 'ওয়াক্স মিউজিয়াম' ও 'শিসমহল'। বর্তমানে কেবল পশ্চিম বর্ধমান নয়, সমগ্র রাজ্য থেকেই পর্যটকরা এই মিউজিয়াম দেখতে আসেন। এমনকি কলকাতার নিউ টাউনের 'মাদার্স ওয়াক্স মিউজিয়ামে' থাকা বহু মূর্তি সুশান্তবাবুর হাত ধরেই জীবন্ত রূপ পেয়েছে।প্রধানমন্ত্রী মোদীকে নিজের হাতে উপহার দেওয়ার ইচ্ছা আপাতত অপূর্ণ থাকলেও ভাস্কর সুশান্ত রায় হাল ছাড়ছেন না। তিনি জানিয়েছেন, আগামী দিনে তাঁর নিজস্ব ওয়াক্স মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদীর আরও একটি মোমের মূর্তি তিনি তৈরি করবেন, যাতে সাধারণ মানুষ কাছে থেকে সেই শিল্পকর্ম দেখার সুযোগ পান।

Pm Narendra Modi: শিল্পীর হাতে জন্মদিনে প্রধানমন্ত্রী! অধরা দেখা, তবে আজ কলকাতায় মোমের মোদীর উদ্বোধন