Hidden Stories (বাংলা)

Umanga Kumawat : গ্ল্যামার ওয়ার্ল্ড পেরিয়ে আবার কর্পোরেট রুটিন, মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চ থেকে সোজা গুগলের ডেস্কে উমঙ্গ

বেঙ্গালুরু: জয়পুরের আলো ঝলমলে মঞ্চ, ডিজাইনার গাউন আর করতালির শব্দ! সবে তো শেষ হল মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে। প্রথম সারির রূপসী প্রতিযোগীদের সিংহভাগই যখন এই মঞ্চের সাফল্যকে পুঁজি করে গ্ল্যামার দুনিয়া, মডেলিং বা বিনোদন জগতে স্থায়ী জমি শক্ত করার স্বপ্ন দেখেন, ঠিক তখনই সম্পূর্ণ এক অন্য ছবি আঁকলেন উমঙ্গ কুমাওয়াত। র‍্যাম্পের ঝাঁ চকচকে আলো আর গ্ল্যামার পেছনে ফেলে সোজা ফিরে এলেন নিজের অতি পরিচিত ডেটাসেন্টার, ল্যাপটপ আর কর্পোরেট মিটিংয়ের জগতে। পেশায় গুগল ক্লাউড ইঞ্জিনিয়ার উমঙ্গ ফিনালের পরেই ফের যোগ দিয়েছেন বেঙ্গালুরুর গুগল ক্যাফেতে নিজের ডেস্কে।মধ্যপ্রদেশের মেয়ে উমঙ্গ এ বছর ৫২ জন সেরা প্রতিযোগীর মধ্যে লড়াই করে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতার ‘টপ ২০’-তে নিজের জায়গা নিশ্চিত করেছিলেন। যদিও ট্রফি জয় করেছেন কেরালার কাজিয়া লিজ মেহিয়া।  তবুও উমঙ্গ নিজের পার্সোনালিটি ও মেধা দিয়ে নজর কেড়েছিলেন বিচারকদের। প্রতিযোগিতা শেষ হতেই তিনি ফিরে গিয়েছেন নিজের টেক-লাইফে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘আ ডে ইন মাই লাইফ’ শিরোনামে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করে নিজের স্বাভাবিক কাজের দিনের একটি ঝলক তুলে ধরেছেন তিনি, যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে বেশ নজর কেড়েছে।সকাল ৯টা ৩০ মিনিটে আর দশটা সাধারণ চাকুরিজীবীর মতোই শুরু হয় উমঙ্গের দিন। ক্যাজুয়াল কিন্তু মার্জিত পোশাকে নিজেকে সাজিয়ে ল্যাপটপ ব্যাগ ও ব্যাকপ্যাক পিঠে ঝুলিয়ে তিনি রওনা দেন বেঙ্গালুরুর গুগল ক্যাম্পাসের দিকে। সকাল ১০টা ৩০ নাগাদ গুগল ক্যাম্পাসের ওয়েলনেস সেন্টারে গিয়ে ফিটনেস সেশন সারেন।  ট্রেডমিল, স্ট্রেচিং আর লেগ এক্সারসাইজ শেষ করে তবেই বসেন কাজের টেবিলে। দুপুর ১২টা ৩০ নাগাদ খুলে বসে পড়েন কোডিং, ডকুমেন্টেশন ও প্রজেক্ট ফাইল।মধ্যাহ্নভোজে গুগলের বিশাল ফুড কোর্টে বিরিয়ানি বা নানা সুস্বাদু মিষ্টান্ন থাকা সত্ত্বেও একজন বিউটি পেজেন্ট ফাইন্যালিস্ট হিসেবে ডায়েট বজায় রাখতে উমঙ্গ বেছে নেন কেবল নুডল স্যুপ আর গ্রিন স্যালাড। বিকেল সাড়ে চারটে নাগাদ খোলা জানালার পাশে বসে টিম মিটিং বা কোডিংয়ের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া, আর সাড়ে পাঁচটায় এক কাপ গরম কফি হাতে কাজের পাট চুকিয়ে বাড়ির পথে রওনা দেওয়া, এই হল তাঁর এখনকার রুটিন।সাধারণত বিউটি পেজেন্টের প্রতিযোগীদের ঝোঁক থাকে রূপালি পর্দার দিকে। সেখানে দাঁড়িয়ে বিউটি উইথ ব্রেনসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উমঙ্গ। টেক ওয়ার্ল্ডের জটিল হিসাবনিকেশ সামলেও কীভাবে নিজের শখ আর প্যাশনকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা বাস্তবে প্রমাণ করে দিলেন এই তরুণী।

Umanga Kumawat : গ্ল্যামার ওয়ার্ল্ড পেরিয়ে আবার কর্পোরেট রুটিন, মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চ থেকে সোজা গুগলের ডেস্কে উমঙ্গ