Hidden Stories (বাংলা)

Mamata Banerjee: 'উই ওয়ান্ট জাস্টিস'! দিল্লিতে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদে আরজি কর আন্দোলনকে মনে করালেন মমতা

নয়াদিল্লি: বছর দুয়েক আগে কলকাতার অলিগলি, রাজপথ যে তিনটি শব্দের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল, যে ক্ষোভের আঁচে একসময় কাঁপন ধরেছিল পশ্চিমবঙ্গ রাজনীতিতে, দেশের রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে সেই একই স্লোগান তুলে সোচ্চার হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে সোমবার 'ইন্ডি' জোটের সুপ্রিম কোর্ট অভিযানের আগে চেনা ঢঙে উচ্চারণ করলেন, “উই ওয়ান্ট জাস্টিস!” (We Want Justice)ভোটার তালিকায় কারচুপি ও ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সোমবার দুপুরে নয়াদিল্লির কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিরোধী শিবির। রাহুল গান্ধীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের সাংসদেরা, সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টি ও আরজেডি-র প্রতিনিধিরাও। মিছিল শুরুর ঠিক আগে গাড়ি থেকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থেই তাঁদের এই রাজপথের লড়াই। ক্ষুব্ধ গলায় তিনি বলেন, ‘‘এটা মানবিকতার জন্য, ন্যায়বিচারের জন্য। আমরা বিচার চাই। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস (We Want Justice)! আর কিছু নয়।’’উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশসংতার ঘটনার পর বিচার চেয়ে পথে নেমেছিল সমগ্র নাগরিক সমাজ। সেই সময় সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদের মূল ভাষা হয়ে উঠেছিল এই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। যা তৎকালীন শাসকদলকে তীব্র অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, রাজ্যে ক্ষমতার পটপরিবর্তন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যে চেনা স্লোগান একদা মমতার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল, আজ দিল্লির দরবারে কেন্দ্রীয় শাসকদল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই হাতিয়ারকেই নতুন করে শান দিলেন তৃণমূল নেত্রী।ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট সামনে আসার পর থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি বিজেপির সুবিধা করে দেওয়ার অভিযোগে সোচ্চার হয়েছে সমস্ত বিরোধী দল। একই দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনের সঙ্গেও সংহতি প্রকাশ করেছিলেন মমতা, যার জেরে গত শনিবার পুলিশের হাতে আটক হয়ে প্রিজন ভ্যানেও উঠতে হয়েছিল তাঁকে। সোমবার ফের সুপ্রিম কোর্ট অভিযানের মুখে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর এই ‘জাস্টিস’ স্লোগান নির্বাচন কমিশন বিরোধী আন্দোলনকে এক নতুন মাত্রা এনে দিল।

Mamata Banerjee: 'উই ওয়ান্ট জাস্টিস'! দিল্লিতে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদে আরজি কর আন্দোলনকে মনে করালেন মমতা