Hidden Stories (বাংলা)

এপস্টিন-ঘনিষ্ঠতায় বিতর্ক: যুবরাজ অ্যান্ড্রুর গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন রাষ্ট্রদূত!

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার মাশুল দিতে হচ্ছে ব্রিটেনের প্রভাবশালীদের। প্রাক্তন ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রুর গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই এবার লন্ডন পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হলেও পরবর্তীকালে তিনি জামিনে মুক্তি পান।সাবেক যুবরাজ অ্যান্ড্রুর মতো ম্যান্ডেলসনের ক্ষেত্রেও পুলিশ সরাসরি তাঁর নাম বা এপস্টিন-কাণ্ডের কথা উল্লেখ করেনি। লন্ডন পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, "সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।" ব্রিটেনের আইন অনুযায়ী, চার্জশিট গঠন হওয়ার আগে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা যায় না বলেই পুলিশ এই কৌশল অবলম্বন করেছে। তবে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে গ্রেফতার হওয়া ব্যক্তিটি ম্যান্ডেলসনই।আমেরিকায় ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টিনের ইমেল আদানপ্রদান গত জানুয়ারি মাসে মার্কিন বিচার বিভাগীয় দফতরের নথিতে প্রকাশ্যে আসে। সেই ইমেলগুলি থেকেই স্পষ্ট হয়, তাঁদের মধ্যে সম্পর্ক সাধারণের ধারণার চেয়েও অনেক বেশি গভীর ছিল! এই ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসায় গত বছর সেপ্টেম্বর মাসে ৭২ বছর বয়সী ম্যান্ডেলসনকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়। যা ব্রিটিশ সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছিল।চলতি মাসের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরপরই প্রাক্তন রাষ্ট্রদূতের লন্ডন এবং ওয়েস্ট ইংল্যান্ডের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সোমবার উত্তর লন্ডনের ক্যামডেনে তাঁর বাড়ি থেকে পুলিশের গাড়িতে করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। বিবিসির রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তিনি বাড়িতে ফিরে আসেন।এপস্টিন কাণ্ডের জল কতদূর গড়ায় এবং ব্রিটেনের আর কোনও প্রভাবশালীর নাম এই কেলেঙ্কারিতে উঠে আসে কিনা, এখন সেটাই দেখার।

এপস্টিন-ঘনিষ্ঠতায় বিতর্ক: যুবরাজ অ্যান্ড্রুর গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন রাষ্ট্রদূত!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার