কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরীশ পার্ক এলাকা। শনিবার দুপুরে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এখানকার রাজপথ। অভিযোগ, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ করে ব্যাপক ইটবৃষ্টি করেছেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর-সহ যুযুদান দুই পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন।তৃণমূল সূত্রে খবর, এদিন সকালে গিরীশ পার্কে মন্ত্রীর বাড়ির আশেপাশে ‘বয়কট বিজেপি’ লেখা বেশ কিছু পোস্টার লাগানো হয়েছিল। দুপুরে বিজেপির একটি মিছিল ও ব্রিগেডের বাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা বাস থেকে নেমে সেই পোস্টার ছিঁড়ে দেন বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা পুনরায় পোস্টার লাগাতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।[TECHTARANGA-POST:7291]শশী পাঁজার দাবি, বিজেপি কর্মীরা পরিকল্পনা করে বাসে করে ইট, বোতল এবং বোমা নিয়ে ব্রিগেডে যাচ্ছিল। তিনি বলেন, “বিজেপির গুন্ডারা আমার বাড়ি লক্ষ করে পাথর ছুড়েছে, জানলার কাচ ভেঙে দিয়েছে। ওরা খুনের রাজনীতি করতে চায়।” শশী পাঁজা নিজেও এই হামলায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের শান্তিপূর্ণ মিছিল লক্ষ্য করে প্রথমে তৃণমূল কর্মীরাই ইট ছোড়েন। এই সংঘর্ষে উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল।যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের আঘাতে জখম হন বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। বর্তমানে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। দফায় দফায় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার