খড়্গপুর IIT নাকি মৃত্যুপুরী? ফের উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ! ১৬ মাসে আট পড়ুয়ার রহস্য-মৃত্যু
খড়্গপুর: দেশের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) কি ক্রমেই মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে? কারণ, ফের এক মেধাবী পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ক্যাম্পাসজুড়ে! শনিবার সকালে অটলবিহারী বাজপেয়ী হলের সামনে থেকে উদ্ধার হয় ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র জয়বীর সিং দারিয়ার রক্তাক্ত দেহ। এই নিয়ে গত ১৬ মাসে এই ক্যাম্পাসে মোট আটজন পড়ুয়ার প্রাণ গেল! যা ঘিরে দানা বাঁধছে বহু রহস্য।[TECHTARANGA-POST:8088]পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা গিয়েছে, ২১ বছর বয়সী জয়বীর গুজরাটের আমেদাবাদের বাসিন্দা ছিলেন। এদিন সকালে ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরাই তাঁকে অটলবিহারী বাজপেয়ী হলের সামনে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় আইআইটি কর্তৃপক্ষ ও হিজলি ফাঁড়ির পুলিশকে। উদ্ধার করে তাঁকে বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।[TECHTARANGA-POST:8119]প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জয়বীর পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে, এটি আদৌ আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত আইআইটি কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।[TECHTARANGA-POST:8107]খড়্গপুর আইআইটিতে পড়ুয়াদের এই ‘মৃত্যুমিছিল’ এখন উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৬ মাসের পরিসংখ্যান রীতিমতো ভয় ধরানোর মতো! তথ্য বলছে, এই সময়ের মধ্যে মোট আটজন পড়ুয়া ও গবেষকের প্রাণ গিয়েছে। তার মধ্যে ক্যাম্পাসের ভিতর মৃত্যু হয়েছে সাতজনের। এই আটজনের মধ্যে পাঁচজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।এভাবে একের পর এক মেধাবী ছাত্রের এমন মর্মান্তিক পরিণতিতে প্রশ্ন উঠছে ক্যাম্পাসের নিরাপত্তা এবং পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দেখভাল নিয়ে। কেন দেশের অন্যতম শ্রেষ্ঠ মেধার আতুড়ঘরেই ছাত্ররা চরম পথ বেছে নিচ্ছেন, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে।