কলকাতাঃ নিট ইস্যুতে উত্তাল দেশ। দিল্লির যন্তরমন্তরে শুরু হওয়া আন্দোলনের আঁচ এসে পড়েছে বাংলাতেও। এবার দেশ জুড়ে বিভিন্ন জায়গায় চলা আন্দোলনের প্রতিবাদে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। দিল্লি এবং কলকাতায় আন্দোলনের নামে অশান্তি ছড়ানোর চেষ্টা, পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা এবং দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করল আরএসএসের ছাত্র সংগঠন। এবিভিপি-র দাবি, ছাত্রদের ন্যায্য দাবির আড়ালে কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। মঙ্গলবার সকাল থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে জড়ো হতে শুরু করেন এবিভিপি-র সদস্যরা। পরে দুই প্রান্ত থেকে দুটি পৃথক মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। শিয়ালদহ থেকে বেরোনো মিছিলটি মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায়। এবিভিপি-র পাশাপাশি সঙ্ঘ পরিবারের একাধিক শিক্ষা ও ছাত্র সংগঠনের সদস্যরাও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। সংগঠনের অভিযোগ, গত ২০ জুলাই দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচির সময় যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তারই পুনরাবৃত্তি কলকাতার সাম্প্রতিক বিক্ষোভেও স্পষ্ট। এবিভিপি-র এক নেতা বলেন, “ছাত্রদের ন্যায্য দাবিকে সামনে রেখে আন্দোলন হলে তা অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হওয়া উচিত। কিন্তু কিছু বামপন্থী সংগঠন ছাত্রদের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরি এবং দেশবিরোধী মনোভাবকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সচেতন হওয়া প্রয়োজন।” [TECHTARANGA-POST:11296]উল্লেখ্য, সোমবার উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে শহরে ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হয়েছিল। শিয়ালদহ থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হওয়া সেই মিছিলে উপস্থিত ছিলেন তাপস রায়, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ-সহ একাধিক নেতা। মঙ্গলবার এবিভিপি-র কর্মসূচির মধ্য দিয়ে নিট আন্দোলনকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হল।