নির্বাচনের মুখে এবার বড়সড় ভাঙনের মুখে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতেই শুরু হয়েছে তুমুল অসন্তোষ। ফালাকাটা বিধানসভার বাসিন্দা তথা জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারকে আলিপুরদুয়ারের প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতা ও কর্মীরা।[TECHTARANGA-POST:7764]প্রার্থী ঘোষণার প্রতিবাদে বুধবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন খোদ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু দেবনাথ, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সানিয়া বর্ধন-সহ অন্যান্য বিশিষ্ট নেতা-কর্মীরা। তাঁদের সাফ কথা— এলাকার ভূমিপুত্র বা যোগ্য প্রার্থী বাদ দিয়ে কেন অন্য এলাকার বা 'অযোগ্য' কাউকে প্রার্থী করা হলো?[TECHTARANGA-POST:7761]বিক্ষোভকারীদের অভিযোগ আরও গুরুতর। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক শান্তনু দেবনাথ দাবি করেছেন, এই প্রার্থী পদ আসলে 'বিক্রি' করা হয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অযোগ্য প্রার্থীকে আলিপুরদুয়ারে বসানো হয়েছে। এই 'বহিরাগত' প্রার্থীকে তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।গোষ্ঠীদ্বন্দ্বের এই ছবি প্রকাশ্যে আসায় আলিপুরদুয়ারে কংগ্রেসের নির্বাচনী লড়াই বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিচুতলার কর্মীদের এই বিদ্রোহ হাইকমান্ড কীভাবে সামাল দেয়, এখন সেটাই দেখার।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার