ইটালিতে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, মেস্ত্রে শহরে তাঁকে লক্ষ্য করে জল ও ডিম ছোড়া হয়। এমনকি তাঁর মোবাইল ফোনও ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি অভিনেত্রীর। সেই সময় অভিনেত্রীর সঙ্গে ছিল তাঁর ভাইয়ের সন্তান। পরে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বাঁধন।[TECHTARANGA-POST:12429]অভিনেত্রী জানিয়েছেন, তাঁর সন্দেহ যে ঘটনাটি আচমকা হলেও এর পিছনে পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে। বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই–অগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর প্রকাশ্য এবং সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে নিশানা করা হয়েছে। হামলাকারীদের কয়েক জন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। তাঁরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও দাবি করেন বলে জানিয়েছেন বাঁধন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয় বলেও অভিযোগ তাঁর।[TECHTARANGA-POST:12421]শুধু হেনস্থাই নয়, ওই সময় তাঁর ভিডিয়ো করার চেষ্টাও হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি। হামলাকারীদের পরিচয় ও ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসবে যোগ দিতেই এই মুহূর্তে ইটালিতে রয়েছেন বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবিটি প্রদর্শিত হওয়ার কথা। ছবির অন্যতম অভিনেত্রী বাঁধনও সেই সূত্রেই ভেনিসে গিয়েছেন।